× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এলপিজির স্থানীয় পর্যায়ে কর অব্যাহতি, আমদানিতে ৭.৫ শতাংশ ভ্যাট নির্ধারণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৮ পিএম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০০ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) খাতে কর কাঠামোয় পরিবর্তন এনেছে সরকার। উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ের ভ্যাট ও অগ্রিম কর তুলে দিয়ে আমদানি পর্যায়ে এককভাবে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এলপিজি কর কাঠামো পুনর্গঠনসংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সরকারের মতে, এ উদ্যোগে কর আদায় প্রক্রিয়া সহজ হবে এবং খাতে বিদ্যমান জটিলতা কমবে।

ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, “আগে এলপিজির ক্ষেত্রে উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট এবং আমদানির সময় ২ শতাংশ অগ্রিম কর প্রযোজ্য ছিল। নতুন কাঠামো অনুযায়ী উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ের ভ্যাট ও অগ্রিম কর প্রত্যাহার করে আমদানি পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে।

“কর কাঠামো সরলীকরণের লক্ষ্যেই এই পরিবর্তন আনা হয়েছে। এতে এলপিজি খাতে কর ব্যবস্থাপনা আরও স্বচ্ছ হবে এবং ব্যবসায়ীদের জন্য প্রক্রিয়া সহজ হবে”, বলেছেন প্রেস সচিব।

একই বৈঠকে অবৈধ গ্যাস সংযোগ ও গ্যাস চুরি রোধে আরও কঠোর আইন প্রণয়নের লক্ষ্যে বাংলাদেশ গ্যাস (সংশোধন) অধ্যাদেশ-২০২৬-এর খসড়া নীতিগতভাবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

শফিকুল আলম জানান, অবৈধ গ্যাস সংযোগ ও অপব্যবহারের কারণে প্রতিবছর দেশে হাজার হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে। এ ক্ষতি রোধে সংশোধিত অধ্যাদেশে অবৈধ গ্যাস ব্যবহারের সংজ্ঞা বিস্তৃত করা হয়েছে। শুধু লাইনে অবৈধ সংযোগই নয়, ঠিকাদার বা অন্যের সহায়তায় বেআইনিভাবে গ্যাস ব্যবহারকেও অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংশোধিত আইনে মিটারযুক্ত ও নন-মিটার গ্রাহকদের অপরাধ ও দণ্ড পৃথকভাবে নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ভবন বা ফ্ল্যাটের মালিক এবং সংশ্লিষ্ট গ্যাস বিতরণ কোম্পানির কর্মচারীদের দায় ও শাস্তির বিষয়ও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, “গ্যাস সংযোগ নেওয়ার পর গ্রাহকরা এতদিন লোড ম্যানেজমেন্ট বা মিটার পরিবর্তনের ক্ষেত্রে গ্যাস বিতরণ কোম্পানির অনুমতির ওপর নির্ভরশীল ছিলেন। নতুন ব্যবস্থায় এ অনুমতির বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে, ফলে গ্রাহকদের সেবা গ্রহণ প্রক্রিয়া আরও সহজ হবে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা