চট্টগ্রাম বন্দর
চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২ পিএম
চট্টগ্রাম বন্দর। ছবি: সংগৃহীত
নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে টানা তিন দিন ৮ ঘণ্টা করে কর্মবিরতি পালনের পর মঙ্গলবার ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছে শ্রমিকরা।
এদিন সকাল ৮টায় শুরু হওয়া শ্রমিকদের এই কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে বন্দরের কার্যক্রম। কর্মবিরতি আর শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের অবরোধে বন্দর থেকে আমদানি পণ্য ডেলিভারি, রপ্তানি পণ্যের কন্টেইনার জাহাজীকরণ ও কার্গো হ্যান্ডলিং বন্ধ হয়ে গেছে।
এর আগে সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে ২৪ ঘণ্টা কর্মবিরতি পালনের ঘোষণা দেয় বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
এর আগে একই দিন বেলা ১১টার দিকে আগ্রাবাদ এলাকায় আয়োজিত এক সমাবেশ থেকে মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ছয় ঘণ্টা বন্দরের দুই প্রবেশমুখে অবরোধের কর্মসূচি ঘোষণা করে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার নগরীর এক্সেস রোড, টোল প্লাজা এলাকায় অবরোধ কর্মসূচি পালন করছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
অবরোধ, কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে বন্দরে কার্যক্রম। বন্ধ রয়েছে বন্দর জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কার্যক্রম। বন্ধ হয়ে রয়েছে আমদানি পণ্যের ডেলিভারি, কনটেইনার হ্যান্ডলিং, বন্দরের ভেতরে পণ্যবাহী গাড়ি চলাচল। এতে বন্দরে বাড়ছে কন্টেইনারের স্তুপ। রবিবার যেখানে বন্দরে পণ্য ভর্তি কন্টেইনার ছিল ৩২ হাজার ৮৭৩ একক, সেখানে ডেলিভারি কম হওয়ায় সোমবার এটি গিয়ে ঠেকেছে ৩৭ হাজার ৩০৭ এককে।
এই হিসেবে কর্মবিরতির কারণে এক দিনেই ব্ন্দরে বেড়েছে ৪ হাজার ৪৩৪ একক পণ্য ভর্তি কন্টেইনার।
একই কারণে বেসরকারি কন্টেইনার ডিপোগুলোতেও একই অবস্থা। সেখানে চাপ বেড়েছে কন্টেইনারের। শ্রমিকদের টানা কর্মবিরতিতে বেসরকারি কন্টেইনার ডিপোগুলো থেকে বন্দরে কন্টেইনার পাঠানো কমেছে। এতে ডিপোগুলোতে প্রতিদিন রপ্তানি পণ্য ভর্তি কন্টেইনার বাড়ছে।