প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৭ পিএম
তুরস্কের কচ হোল্ডিং-এর ফ্ল্যাগশিপ প্রতিষ্ঠান বেকোর সহযোগী প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেড গত কয়েক বছরে স্থানীয় ভোক্তাদের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে এবং উৎপাদন সক্ষমতা বাড়াতে বহুমুখী রূপান্তরমূলক পদক্ষেপ গ্রহণ করেছে।
সিঙ্গার বর্তমানে আধুনিক উৎপাদন কারখানা, দেশের প্রথম কনসেপ্ট স্টোর এবং ফ্ল্যাগশিপ স্টোর চালুর মাধ্যমে পণ্য ও সেবার উৎকর্ষতায় নতুন মানদণ্ড স্থাপন করেছে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ইউরোপীয় বাজারে রপ্তানি কার্যক্রম শুরুর পাশাপাশি নিজস্ব কারখানায় প্রথমবারের মতো এয়ার কন্ডিশনার উৎপাদন চালু করার গৌরব অর্জন করেছে। নানাবিধ সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করেও ২০২৫ সালে সিঙ্গার বাংলাদেশ ১৪.৩ শতাংশ রাজস্ব প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে এবং একই সঙ্গে প্রতিষ্ঠানটির স্থূল মুনাফা বেড়েছে ২১৪ মিলিয়ন টাকা, যা এর টেকসই ভবিষ্যৎ ও প্রবৃদ্ধির বলিষ্ঠ প্রতিফলন।
সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিকে সিঙ্গার বাংলাদেশের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে. ২০২৫ সালের শুরুতে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে ৭৮ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে সিঙ্গার এক অত্যাধুনিক হোম অ্যাপ্লায়েন্সেস কারখানা উদ্বোধন করেছে, যা দেশের শিল্পায়নের ইতিহাসে একটি বড় মাইলফলক হিসেবে চিহ্নিত হচ্ছে। এই বিশাল কর্মযজ্ঞের ফলে প্রায় ৪,০০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। বর্তমানে এই কারখানায় স্থানীয় বাজারের জন্য রেফ্রিজারেটর, টেলিভিশন, এয়ার কন্ডিশনার ও ওয়াশিং মেশিনসহ বিভিন্ন গৃহস্থালি পণ্য উৎপাদিত হচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হলো, সিঙ্গারের মোট উৎপাদনের ৯০ শতাংশের বেশি এখন দেশেই প্রস্তুত হচ্ছে, যা জাতীয় পর্যায়ে আমদানিনির্ভরতা কমিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সিঙ্গার বাংলাদেশ জানায়, উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড তাদের কারখানা থেকে ওয়্যার হারনেস কম্পোনেন্টের প্রথম রপ্তানি চালান সফলভাবে সম্পন্ন করে দেশের রপ্তানি বাণিজ্যে নতুন মাত্রা যোগ করেছে। এই অর্জন কেবল সিঙ্গারের একার নয়, বরং সামগ্রিকভাবে বাংলাদেশের উৎপাদন ও রপ্তানি সক্ষমতার অগ্রযাত্রাকে বিশ্বদরবারে তুলে ধরেছে। গত কয়েক বছরে গৃহীত এই কৌশলগত বিনিয়োগ ও পরিকল্পনাগুলো বাজারের পরিবর্তিত চাহিদাকে ধারণ করার পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক বিকাশে জোরালো ভূমিকা রাখছে। মূলত তারুণ্যদীপ্ত উদ্ভাবন ও আধুনিক কর্মস্থলের সমন্বয়ে সিঙ্গার বাংলাদেশ এখন একটি নতুন যুগের সূচনা করেছে ।