× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাহিদার বেশি আমদানি তবুও ঊর্ধ্বমুখী ছোলার দাম

হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬ ২১:১৬ পিএম

চাহিদার বেশি আমদানি তবুও ঊর্ধ্বমুখী ছোলার দাম

দুই সপ্তাহ আগে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বাজারে প্রতি কেজি ভালো মানের ছোলা বিক্রি হয়েছিল ৭৮ টাকায়। সেই ছোলা এখন বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮২ টাকায়। এই হিসেবে ১৫ দিনের ব্যবধানে পাহাড়তলী বাজারে খুচরায় কেজিতে ছোলার দাম বেড়েছে ৪ টাকা। দেশে ছোলার বার্ষিক চাহিদা ২ লাখ ২০ থেকে ৩০ হাজার টন। সেখানে ২০২৫ সালে আমদানি হয়েছে ২ লাখ ৯৫ হাজার ৫৬ টন। 

বাজারের মুদি দোকানদাররা বলছেন, রমজান সামনে রেখে ভোগ্যপণ্যের অন্যতম পাইকারি বাজার খাতুনগঞ্জে দাম বাড়ার কারণে খুচরা বাজারেও বেড়েছে ছোলার দাম। পাহাড়তলী বাজারের ডালজাতীয় পণ্যের দোকান মাস্টার স্টোরের ম্যানেজার মোহাম্মদ আনোয়ার হোসাইন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘রমজান সামনে রেখে গত এক দেড় সপ্তাহ ধরে পাইকারি বাজারে ছোলার দাম একটু বাড়তি। তাই আগের তুলনায় এখন কেজিতে ছোলার দাম বেড়েছে ৩ থেকে ৪ টাকা। ১৫ দিন আগে ভালো মানের প্রতি কেজি ছোলা বিক্রি করেছিলাম ৭৮ টাকায়, এখন বিক্রি করছি ৮২ টাকায়। মাঝারি মানের ছোলা প্রতি কেজি বিক্রি করেছিলাম ৭২ টাকায়, এখন বিক্রি করছি ৭৫ টাকায়।’

রমজান সামনে রেখে এখন বাজারে ছোলার দাম বাড়লেও গত বছরের তুলনায় এবার বাজারে ছোলার দাম তুলনামূলক কম। এবার গত বছরের রমজানের তুলনায় কেজিতে ১০ থেকে ১৫ টাকা কম দামে বিক্রি হচ্ছে। গত বছর রমজানের আগে বাজারে প্রতি কেজি ছোলা বিক্রি হয়েছিল ১১০ থেকে ১১৫ টাকায়। সেখানে এবার বাজারে প্রতিকেজি ছোলা বিক্রি হচ্ছে মানভেদে ৭৫ টাকা থেকে সর্বোচ্চ ৮২ টাকায়।

খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন, এবার চাহিদার তুলনায় ছোলা আমদানি বেশি হয়েছে। সরবরাহ বেশি থাকায় বাজারে ছোলার দামও গত বছরের তুলনায় কম। 

ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, দেশে প্রতি মাসে ছোলার চাহিদা গড়ে ১০ হাজার থেকে ১২ হাজার মেট্রিক টন। কিন্তু রমজান মাসে এই চাহিদা অনেক বেড়ে যায়। রমজান মাসে দেশে ছোলার চাহিদা ৮০ হাজার থেকে ১ লাখ মেট্রিক টন। এই হিসাবে দেশে ছোলার বার্ষিক চাহিদা ২ লাখ ২০ থেকে ৩০ হাজার মেট্রিক টন। সেখানে ২০২৫ সালে দেশে ছোলা আমদানি হয়েছে ২ লাখ ৯৫ হাজার ৫৬ মেট্রিক টন। 

ছোলা আমদানির তথ্য বিশ্লেষণ করে দেখায় আগের বছরের তুলনায় ২০২৫ সালে বেশি ছোলা আমদানি হয়েছে। ছোলা আমদানির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে ১ লাখ ২৮ হাজার ৯২৯ মেট্রিক টন ছোলা বেশি আমদানি হয়েছে। 

চট্টগ্রাম কাস্টম হাউসের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ১ লাখ ৬৬ হাজার ১২৬ মেট্রিক টন ছোলা আমদানি হয়েছিল। যেগুলোর শুল্কায়ন মূল্য ছিল ১ হাজার ২৯৮ কোটি ৮৫ লাখ ২ হাজার ৭৫৮ টাকা। এই হিসাবে কেজিপ্রতি শুল্কায়ন মূল্য ছিল ৭৮ টাকা। 

অন্যদিকে ২০২৫ সালে দেশে ছোলা আমদানি হয়েছে ২ লাখ ৯৫ হাজার ৫৬ মেট্রিক টন। এসব ছোলার শুল্কায়ন মূল্য ছিল ২ হাজার ৫৪৯ কোটি ৭৭ লাখ ২৭ হাজার ৯০৯ টাকা। এই হিসাবে ২০২৫ সালে আমদানি করা প্রতি কেজি ছোলার শুল্কায়ন মূল্য ছিল ৮৬ টাকা ৪২ পয়সা। 

২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে আমদানি বেশি হওয়ায় এবার ছোলার বাজার কিছুটা নিম্নমুখী। আমদানি বেশি হওয়ায় বাজারে এখন চাহিদার তুলনায় ছোলার সরবরাহ বেশি। তাই গত বছরের একই সময়ের তুলনায় এবার দাম কিছুটা কম। 

ডালজাতীয় পণ্যের আড়তদার চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বাজারে ছোলা, মটর, খেজুর থেকে শুরু করে রমজানের পণ্যের কোনো ঘাটতি নেই। সরবরাহ স্বাভাবিক রয়েছে। তাই গত বছরের তুলনায় এবার বাজারে ছোলার দাম কিছুটা কম। খাতুনগঞ্জে পাইকারিতে প্রতি কেজি ছোলা এখন বিক্রি হচ্ছে মানভেদে ৭২ থেকে সর্বোচ্চ ৮০ টাকায়। অথচ গত বছর রমজানের আগে বাজারে প্রতি কেজি ছোলা বিক্রি হয়েছিল মানভেদে ১১০ থেকে ১১৫ টাকায়।’ বেশি আমদানির কারণে আগে যারা বেশি দামে কিনেছেন, তারা এখন লোকসান দিয়ে বাজার দরে ছোলা বিক্রি করে দিচ্ছেন বলে তিনি জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা