প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬ ২০:৫৬ পিএম
আয়কর রিটার্ন দাখিলের সময় আরও একবার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং নির্বাচনী প্রচারসহ নানান দিক বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বর্ধিত সময় অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারি রিটার্ন দাখিলের শেষ দিন। এক মাস বাড়িয়ে তা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হতে পারে। এর আগে ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় দুই দফা বাড়ানোর পর ফের বাড়ানোর ইঙ্গিত দেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান।
নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের এক কর্মকর্তা জানান, জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকারি ও ব্যক্তিপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের ব্যস্ততা রয়েছে। তাড়াহুড়া না করে, নিশ্চিন্তে ও নির্ভুলভাবে রিটার্ন দেওয়ার ব্যবস্থা করতে আরও এক মাস বাড়ানো হতে পারে।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এ-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, রিটার্ন দাখিলের শেষ দিকে যদি দেখা যায়, যে পরিমাণ রেজিস্ট্রেশন করা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য অংশ বাকি রয়ে গেছে, তখন আমরা সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করব। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে তিনি স্পষ্ট জানান।
ওইদিন এনবিআর চেয়ারম্যান বর্তমান পরিস্থিতির চিত্র তুলে ধরে বলেন, এ পর্যন্ত ৪৭ লাখ ব্যক্তিশ্রেণির করদাতা অনলাইনে রিটার্ন জমা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন। ৩৪ লাখ করদাতা এরই মধ্যে তাদের রিটার্ন দাখিল সম্পন্ন করেছেন।
আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে ব্যক্তিশ্রেণির করদাতাদের রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। তবে এ বছর বিশেষ পরিস্থিতিতে দুই দফায় মোট দুই মাস সময় বাড়ানো হয়েছে।
আইন অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা না দিলে করদাতাদের জরিমানা গুনতে হয় এবং তারা সরকার অনুমোদিত বিভিন্ন কর রেয়াত (রিবেট) সুবিধা থেকে বঞ্চিত হন।