প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ আগস্ট ২০২২ ১৮:২৪ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২২ ১৯:০০ পিএম
এনইসি মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
২০৪১ সালের মধ্যে বাংলাদেশের মাথাপিছু আয় ১২ হাজার ৫০০ মার্কিন ডলার হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
তিনি বলেন, চমৎকার পরিকল্পনা মাফিক কাঠামোর মধ্য দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। সঠিক পরিকল্পনার ফলে ১৯৭২-৭৩ সালের সাড়ে ৬ বিলিয়ন ডলারের অর্থনীতির দেশ এখন বেড়ে ৪৬৫ বিলিয়ন ডলারে রূপ নিয়েছে। একইভাবে ২০৩১ সালের পরিকল্পনায় বলা আছে, আমরা সর্বোচ্চ মধ্যম আয়ের দেশ হব। এরপর ২০৪১ সালের মধ্যে মাথাপিছু আয় দাঁড়াবে ১২ হাজার ৫০০ মার্কিন ডলার।
সোমবার (১৫ আগস্ট) নগরীর এনইসি মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনা বিভাগের সচিব মো. মামুন আল রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
আরও উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক বিনায়ক সেনসহ অনেকে।
অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, বঙ্গবন্ধু ধনী-গরিব সবাইকে বুকে জড়িয়ে নিতেন। যে কারণে বঙ্গবন্ধু বাংলার ক্ষেতমজুর, কুলি, কামার, চাষি, চালক সবার কাছের মানুষ ছিলেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।
প্রবা/আরএম/এমআই