প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬ ১৮:৫৭ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬ ১৯:১৫ পিএম
রাজধানীর আগারগাঁওয়ে বিডার সম্মেলন মিলনায়তনে চারটি ব্যাংক ও সাতটি সিটি করপোরেশনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আশিক চৌধুরী।
বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির কথা বারবার বলা হলেও বাস্তবে বিনিয়োগকারীরা এখনো কাঙ্ক্ষিত আধুনিক সেবা পাচ্ছেন না বলে স্বীকার করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি বলেন, দুর্নীতি কমানো ও ব্যবসায়ীদের জন্য উন্নত সেবা নিশ্চিত করার কথা বলা হলেও বাস্তবে সেটা সম্ভব হচ্ছে না।
সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বিডার সম্মেলন মিলনায়তনে ওয়ান স্টপ সার্ভিস বা এক দরজায় সব সেবা কার্যক্রম আরও সহজ করতে চারটি ব্যাংক ও সাতটি সিটি করপোরেশনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আশিক চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য মো. শাহারুল হুদা। এ সময় বিডার নির্বাহী সদস্য নাহিয়ান রহমানসহ বিভিন্ন ব্যাংক ও সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আশিক চৌধুরী বলেন, ওয়ান স্টপ সার্ভিস চালুর মূল উদ্দেশ্য ছিল ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য সরকারি ও বেসরকারি খাতের সেবা এক জায়গা থেকে নিরবচ্ছিন্নভাবে নিশ্চিত করা। কিন্তু বাস্তবে সেই লক্ষ্য অর্জন করা সম্ভব হয়নি। বিনিয়োগকারীরা এখনো এক সংস্থা থেকে আরেক সংস্থায় ঘুরে বেড়াতে বাধ্য হচ্ছেন। একই তথ্য ও কাগজপত্র বারবার জমা দিতে হচ্ছে, যা সময় ও খরচ দুটোই বাড়িয়ে দিচ্ছে।
তিনি বলেন, ক্ষুদ্র উদ্যোক্তা থেকে শুরু করে বড় শিল্পগোষ্ঠী—সবার জন্যই এমন একটি ব্যবস্থা প্রয়োজন, যেখানে এক জায়গায় গিয়েই প্রয়োজনীয় সব সেবা পাওয়া যাবে। কিন্তু বর্তমানে সিটি করপোরেশন, ব্যাংক কিংবা বিডায় গেলেই বিনিয়োগকারীদের একই নথিপত্রের বড় বান্ডিল নতুন করে জমা দিতে হয়। এতে করে ওয়ান স্টপ সার্ভিস কার্যক্রম কার্যত তার উদ্দেশ্য হারাচ্ছে।
বিডা চেয়ারম্যান আরও বলেন, যেসব দেশ বিনিয়োগ আকর্ষণে অনেক এগিয়ে গেছে, তারা বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে তথ্যের সমন্বয় নিশ্চিত করেছে। একবার সরকারকে কোনো তথ্য দিলে তা সব সংস্থা একসঙ্গে ব্যবহার করতে পারে। ফলে বিনিয়োগকারীদের বারবার একই তথ্য দিতে হয় না। বাংলাদেশকেও সেই পথেই এগোতে হবে বলে তিনি মন্তব্য করেন।
এই প্রেক্ষাপটে ওয়ান স্টপ সার্ভিস কার্যক্রমকে কার্যকর করতে বিডা চারটি ব্যাংক ও সাতটি সিটি করপোরেশনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ব্যাংকগুলোর মধ্যে রয়েছে রূপালী ব্যাংক, ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। আর সিটি করপোরেশনগুলোর মধ্যে রয়েছে রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, গাজীপুর ও নারায়ণগঞ্জ।
অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওসমান এরশাদ বলেন, বিনিয়োগকারী বা গ্রাহক—সবার জন্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেবার অভিজ্ঞতা। ওয়ান স্টপ সার্ভিস প্ল্যাটফর্মে ইউজার ইন্টারফেস ও ইউজার এক্সপেরিয়েন্স উন্নত করা গেলে বিনিয়োগকারীদের ভোগান্তি কমবে। বাস্তব অভিজ্ঞতা ও ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে এই প্ল্যাটফর্ম উন্নত করা গেলে পুরো বিনিয়োগ ব্যবস্থায় তার ইতিবাচক প্রভাব পড়বে।
বিডা সূত্র জানায়, এই সমঝোতা স্মারকের মাধ্যমে ব্যাংকিং ও সিটি করপোরেশনসংক্রান্ত বিভিন্ন সেবা ধাপে ধাপে ওয়ান স্টপ সার্ভিস প্ল্যাটফর্মে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। লক্ষ্য হলো বিনিয়োগকারীদের জন্য সেবা গ্রহণের প্রক্রিয়া সহজ করা এবং সময়সাপেক্ষ আমলাতান্ত্রিক জটিলতা কমানো।