পুঁজিবাজার
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬ ১৭:৪৮ পিএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬ ১৭:৫৯ পিএম
দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম বাড়লেও সিএসইতে কমেছে।
বুধবার লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বেড়েছে ১৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। বিপরীতে দাম কমেছে ১৩৪টির। আর ৮৭টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে ৯৯৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০৮ পয়েন্টে উঠে এসেছে।
সবকটি মূল্যসূচক বাড়লেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৩৬৯ কোটি ৬৭ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩৮৬ কোটি ৩৪ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ১৬ কোটি ৬৭ লাখ টাকা। এর মাধ্যমে টানা তিন কার্যদিবস ডিএসইতে লেনদেন তিনশো কোটি টাকার ঘরে থাকলো।
অন্যদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৩০ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৬১ প্রতিষ্ঠানের মধ্যে ৬৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭০টির এবং ২৩টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৮ কোটি ৫৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫ কোটি ৬৬ লাখ টাকা।