প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬ ১৬:৩৯ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬ ১৬:৪২ পিএম
দেশে মার্কিন ভুট্টা।
বাংলাদেশে এসে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের উচ্চমানের ভুট্টার একটি বিশাল চালান। ২০১৮ সালের পর এটিই যুক্তরাষ্ট্র থেকে আসা ভুট্টার প্রথম চালান।
বুধবার (৭ জানুয়ারি) চট্টগ্রাম বন্দরে আনুষ্ঠানিকভাবে খালাস প্রক্রিয়া শুরু হয়। কনফিডেন্স সিমেন্ট ঘাটে মার্কিন ভুট্টার এই চালানকে স্বাগত জানাতে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের কৃষিবিষয়ক প্রতিনিধি এরিন কোভার্ট। তিনি আমদানিকারক ও সরবরাহকারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন নাহার এগ্রো গ্রুপের চেয়ারম্যান রাকিবুর রহমান টোটুল, প্যারাগন গ্রুপের গৌতম মজুমদার, নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির পরিচালক রফিকুল ইসলাম বাবু ও সরবরাহকারী প্রতিষ্ঠান এক্সেল এগ্রো ট্রেডের ব্যবস্থাপনা পরিচালক জিয়াদ খান।
যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা ও মিনেসোটায় উৎপাদিত প্রায় ৫৮ হাজার টন ভুট্টা নিয়ে আসা হয়েছে এই চালানে। বাংলাদেশের শীর্ষস্থানীয় তিন পশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান নাহার এগ্রো গ্রুপ, প্যারাগন গ্রুপ এবং নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড যৌথভাবে এই চালানটি আমদানি করেছে। প্রতি টন ভুট্টার আমদানি মূল্য ধরা হয়েছে ২৪৬ ডলার।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের এগ্রিকালচারাল অ্যাটাশে এরিন কোভার্ট বলেন, 'দীর্ঘদিন পর বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভুট্টার চালান এসে পৌঁছেছে দেখে আমি অত্যন্ত আনন্দিত। এটি কেবল একটি বাণিজ্যিক লেনদেন নয়, বরং দুই দেশের কৃষি-বাণিজ্যিক সম্পর্কের একটি মাইলফলক।'
তিনি বলেন, 'মার্কিন ভুট্টা তার গুণগত মানের জন্য বিশ্বজুড়ে স্বীকৃত। আমি আনন্দিত যে, বাংলাদেশের পশুখাদ্য প্রস্তুতকারকরা এখন থেকে প্রাণিপুষ্টির একটি নির্ভরযোগ্য ও উন্নত উৎস হিসেবে আমাদের ভুট্টা ব্যবহারের সুযোগ পাচ্ছেন।'
সাধারণত বাংলাদেশ ব্রাজিল, আর্জেন্টিনা ও মিয়ানমার থেকে ভুট্টা আমদানি করে থাকে। তবে মার্কিন দূতাবাসের ঐকান্তিক প্রচেষ্টা এবং দ্রুত লোডিং পয়েন্ট ব্যবস্থাপনার কারণে দীর্ঘ ৮ বছর পর এই বাণিজ্যিক ট্রায়াল সফল হয়েছে।