× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পোশাক খাত

এক বছরে সর্বোচ্চ সবুজ কারখানার স্বীকৃতি অর্জন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬ ২২:০৪ পিএম

এক বছরে সর্বোচ্চ সবুজ কারখানার স্বীকৃতি অর্জন

২০২৫ সালে সবচেয়ে বেশি ৩৮টি পোশাক কারখানা পরিবেশবান্ধব সবুজ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি ‘লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন’ (লিড) সনদ পেয়েছে। এর আগে অন্য কোনো বছর এত বেশি সংখ্যক কারখানা এই সনদ পায়নি। বেশিরভাগ কারখানাই লিড সনদের উপযোগী করে নির্মাণ করা হচ্ছে। এ রকম অন্তত আরও ৬০০ কারখানা লিড সনদপ্রাপ্তির প্রক্রিয়ায় রয়েছে। 

শিল্প-কারখানার ভবন নির্মাণ থেকে পণ্য উৎপাদন পর্যন্ত সব পর্যায়ে পরিবেশ সুরক্ষার বিষয়টি বিশ্লেষণ করে গ্রহণযোগ্য মানের কারখানাকে লিড সনদ দিয়ে থাকে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)। বাণিজ্যিক ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, বাড়িসহ অন্যান্য স্থাপনার ক্ষেত্রেও লিড সনদ দেওয়া হয়। লিড সনদের উদ্দেশ্য পরিবেশ সুরক্ষা এবং সবুজ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সাশ্রয়ী উৎপাদন। এ ধরনের কারখানায় উৎপাদিত পণ্যে একটি ‘গ্রিন ট্যাগ’ থাকে। সচেতন ভোক্তাদের কাছে যার কদর রয়েছে। এ কারণে বড় ব্র্যান্ড এবং ক্রেতাদেরও আগ্রহ বেশি থাকে। ক্রেতাদের সঙ্গে দরকষাকষিতে এগিয়ে থাকা যায়। দেশের ও পোশাক খাতেরও ব্র্যান্ড ইমেজ বাড়ে। প্রাকৃতিক আলো-বাতাসেই চলে উৎপাদন। ফলে এসব কারখানায় সাধারণত দুর্ঘটনা খুব কম হয়। 

তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ সূত্রে জানা গেছে, বিদায়ি পঞ্জিকা বছরে সর্বাধিক ৩৮টি পোশাক কারখানার লিড সনদ পেয়েছে। এর আগে ২০২২ সালে সর্বোচ্চ সংখ্যক কারখানার লিড সনদের রেকর্ড ছিল। ওই বছর ৩০টি কারখানা লিড সনদ পেয়েছিল। মাঝখানের দুই বছর ২০২৩ এবং ২০২৪ সালে এই সংখ্যা ছিল যথাক্রমে ২৪ ও ২৬টি। ২০১১ সালে মাত্র ২টি কারখানার লিড সনদপ্রাপ্তির মধ্য দিয়ে এর যাত্রা হয় দেশের শিল্প খাতে। ১৯৯৩ সাল থেকে এ সনদ দিয়ে আসছে ইউএসজিবিসি। 

গেল বছরে পাওয়া সবুজ সনদের মধ্যে সর্বাধিক সংখ্যক ২২টি কারখানাই প্লাটিনাম মানের। লিড সনদের মোট ১১০ নম্বরের মধ্যে ৮০ নম্বরের ওপরের কারখানাকে প্লাটিনাম সনদ দেওয়া হয়। মানের নম্বর ৬০ হলে গোল্ড ক্যাটাগরির সনদ। বিদায়ি বছর ১১টি কারখানা গোল্ড সনদ পেয়েছে। ৫০ থেকে ৫৯-এর মধ্যে হলে সিলভার ক্যাটাগরির সনদ দেওয়া হয়। এই ক্যাটাগরির সনদ পেয়েছে ৫টি কারখানা। এ ছাড়া ৪০ থেকে ৪৯ নম্বরের ক্ষেত্রে শুধু ‘লিড সনদ’ দিয়ে থাকে ইউএসজিবিসি। সব মিলিয়ে দেশে এখন সবুজ সনদের পোশাক কারখানার সংখ্যা ২৭০টিতে উন্নীত হলো। এগুলোর মধ্যে প্লাটিনাম ১১৪টি। গোল্ড ১৩৭ ও সিলভার ১৫টি। এ ছাড়া সাধারণ লিড সনদের কারখানা রয়েছে ৪টি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা