প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬ ১৬:৪৮ পিএম
নতুন বছরের প্রথম দিন থেকেই একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আওতায় আসা পাঁচ ব্যাংকের গ্রাহকরা স্বাভাবিক ব্যাংকিং লেনদেন করতে পারছেন। একই সঙ্গে আমানতকারীরা তাদের জমানো অর্থ উত্তোলনও শুরু করেছেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শাখায় খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে। একীভূত হওয়া ব্যাংকগুলো হলো- এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।
ব্যাংক কর্মকর্তারা জানান, আজ বৃহস্পতিবার থেকে স্বাভাবিকভাবে টাকা জমা ও উত্তোলন করা যাচ্ছে। আমানত সুরক্ষা আইনের আওতায় দুই লাখ টাকা পর্যন্ত একবারে উত্তোলনের সুযোগ পাচ্ছেন সাধারণ গ্রাহকরা।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের রাজধানীর ধানমন্ডি শাখায় টাকা তুলতে আসা এক গ্রাহক বলেন, দীর্ঘ অপেক্ষার পর টাকা তুলতে পেরে খুব ভালো লাগছে। এই টাকাটি তার জন্য অত্যন্ত জরুরি ছিল।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত করা স্কিম অনুযায়ী- দুই লাখ টাকা পর্যন্ত আমানত: যে কোনো সময় একবারে পুরো টাকা তোলা যাবে। দুই লাখ টাকার বেশি আমানত: প্রতি তিনমাস অন্তর সর্বোচ্চ এক লাখ টাকা করে দুই বছর পর্যন্ত উত্তোলন করা যাবে।
বিশেষ সুবিধা রয়েছে বয়স্ক গ্রাহকের জন্য। ৬০ বছরের বেশি বয়সী গ্রাহক ও ক্যানসার, কিডনি ডায়ালাইসিসসহ গুরুতর রোগে আক্রান্তরা চিকিৎসার প্রয়োজনে সময়সীমার বাইরে গিয়েও টাকা তুলতে পারবেন।