× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারত থেকে আমদানি বাড়ায় সংকটে দেশের সুতাকল: বিটিএমএ সভাপতি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫ ২১:৩১ পিএম

ভারত থেকে আমদানি বাড়ায় সংকটে দেশের সুতাকল: বিটিএমএ সভাপতি

ভারত থেকে কম দামে সুতা আমদানি হওয়ায় দেশীয় সুতার কল (স্পিনিং মিল) বড় ধরনের সংকটে পড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।

তিনি বলেন, গত অর্থবছরে ভারত থেকে সুতা আমদানি বেড়েছে ১৩৭ শতাংশ। মূলত ভারতের ব্যবসায়ীরা প্রতি কেজি সুতায় ৩০ সেন্ট কম দামে ডাম্পিং করছে বাংলাদেশে। সে কারণে বাংলাদেশের প্রায় ৫০টি সুতাকল বন্ধ হয়ে গেছে। এসব মিলে ৫০০-৭০০ কোটি টাকা বিনিয়োগ ছিল। নতুন করে এসব সুতাকল চালু করা কঠিন।

রবিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন বিটিএমএর সভাপতি শওকত আজিজ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিটিএমএর সাবেক সভাপতি এম মতিন চৌধুরী, মোহাম্মদ আলী খোকন, সাবেক পরিচালক রাজীব হায়দার প্রমুখ।

বিটিএমএর সভাপতি বলেন, ‘আমরা সুতার জন্য ভারতের ওপর অতিনির্ভরশীল হয়ে পড়ছি। অতীতে একাধিকবার ভারত বিনা কারণে তুলা রপ্তানি বন্ধ করেছে। সুতা রপ্তানিও বন্ধ করেছে।’ এই অতিনির্ভরতা ভবিষ্যতে বিপদ ডেকে আনবে বলে তার শঙ্কা।

এক প্রশ্নের জবাবে বিটিএমএর সভাপতি বলেন, ‘ভারতের ব্যবসায়ীরা যে দামে সুতা রপ্তানি করছে, সেই হিসাবে দেশের স্পিনিং মিলগুলোতে প্রায় ১০ হাজার কোটি টাকার সুতা অবিক্রীত অবস্থায় পড়ে আছে। যদিও মজুত থাকা এই সুতার প্রকৃত দাম প্রায় ১২ হাজার কোটি টাকা।’

আরেক প্রশ্নের জবাবে বিটিএমএর সভাপতি বলেন, ‘ভারত থেকে সুতা আমদানি বন্ধ হোক, সেটি আমরা চাই না। আমরা চাই, বাণিজ্যঘাটতি কমাতে হবে। নির্ভরশীলতা বাড়ানো উচিত হবে না। সেটি হলে প্রথমে তৈরি পোশাকের সংযোগ শিল্প এবং পরবর্তীকালে তৈরি পোশাকশিল্পের বড় ক্ষতি হবে।’

তিনি আরও বলেন, বর্তমান সরকার কারখানার জন্ম দিতে না পারলেও বন্ধ করেছে। ২৫০-এর অধিক তৈরি পোশাক কারখানা বন্ধ। ৫০-এর অধিক বস্ত্রকল বন্ধ হয়েছে। অর্ধেক বন্ধ অবস্থায় আছে অর্ধেকের বেশি কারখানা। তাঁর প্রশ্ন, কী সফলতা গত এক বছরে। তিনি মনে করেন, অন্তর্বর্তী সরকারের পুরোটাই ব্যর্থতা।

বর্তমান সংকট থেকে উত্তরণে সুতার প্রচ্ছন্ন ও সরাসরি রপ্তানিতে ১০ শতাংশ নগদ সহায়তা দাবি করেন বিটিএমএর সভাপতি শওকত আজিজ। এ ছাড়া রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) আকার বাড়ানো ও সুদহার কমানো, ব্যাংকঋণের সুদের হার কমানো, ঋণ পরিশোধে গ্রেস পিরিয়ড দেওয়ার দাবি করেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা