× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ই-রিটার্ন বুথ ফাঁকা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫ ২১:৫৯ পিএম

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫ ২২:০০ পিএম

ই-রিটার্ন বুথ ফাঁকা

বকেয়া কর পরিশোধ করতে করদাতাদের চিঠি দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কর জিডিপি রেশিও বৃদ্ধি ও কর ফাঁকি কমাতে এ প্রদক্ষেপ নিয়েছে সংস্থাটি। এ ছাড়া অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক হওয়ায় আগের মতো কর অঞ্চলগুলোর বুথে ভিড় দেখা যায়নি। কর্মকর্তারা অনেকটা অলস সময় পার করছেন। পাশাপাশি প্রথমবারের মতো অনলাইনে কর দিতে গিয়ে বিপাকে পড়েছেন অনেক করদাতা। এনবিআর সূত্র ও কর অঞ্চল ঘুরে এ চিত্র পাওয়া গেছে। 

রবিবার (২১ ডিসেম্বর) সেগুনবাগিচার কর অঞ্চল-১১ ঘুরে দেখা গেছে, করসেবা বুথগুলো ফাঁকা পড়ে আছে। প্রতিবছরের মতো চিরচেনা সেই ব্যস্ততা নেই কর্মকর্তাদের। অলস সময় পার করছেন তারা। অনলাইনে রিটার্ন জমা দেওয়ার কারণে প্রয়োজন ছাড়া কেউ আসছেন না বা এলেও বেশি সময় লাগছে না বলে জানান কর্মকর্তারা। 

তবে প্রবীণ করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিলে ভোগান্তি তৈরি হয়েছে। প্রযুক্তিগত জ্ঞান না থাকার কারণে তারা সহজে রিটার্ন দাখিল করতে পারছেন না। আবার পরিবারের তরুণরা প্রযুক্তি জ্ঞান রাখলেও অভিজ্ঞতা না থাকায় তেমন সহযোগিতা করতে পারছেন না বলে জানা গেছে। 

ই-রিটার্ন বুথে গেলে যেকোনো করদাতার অনলাইনে রিটার্ন দেওয়ার ব্যবস্থা করে দেবেন। এজন্য আয়ের প্রমাণপত্র (ব্যাংক স্টেটমেন্ট, আয়ের সপক্ষে অন্যান্য দলিল), ছবি, কর শনাক্তকরণ নম্বরের (টিআইএন) ফটোকপিসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে। তবে করদাতার এমন একটি মোবাইল নম্বর থাকতে হবে, যা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে কেনা হয়েছে। তা না হলে অনলাইনে রিটার্ন দিতে পারবেন না।

সব করদাতাকে রিটার্ন এনবিআরের ওয়েবসাইটে গিয়ে জমা দিতে হবে। এ জন্য প্রথমে নিবন্ধন নিতে হবে। নিবন্ধন নিয়ে পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে প্রবেশ করে রিটার্ন জমা দেওয়া যাবে।

করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ অথবা অন্য কোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাপ ব্যবহারে ঘরে বসেই কর পরিশোধ করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারেন, তাৎক্ষণিকভাবে নিজেই স্বয়ংক্রিয়ভাবে ই-রিটার্ন দাখিলের রসিদ প্রিন্ট নিতে পারেন এবং প্রয়োজনীয় তথ্য উল্লেখপূর্বক স্বয়ংক্রিয়ভাবে আয়কর সনদ প্রিন্ট করতে পারবেন বলে জানিয়েছে এনবিআর। 

এদিকে বকেয়া কর পরিশোধ করতে করদাতাদের চিঠি পাঠাচ্ছে এনবিআর। ২৭ বছরের পুরনো বকেয়ার চিঠি দিয়ে আলোচনাও তৈরি করেছে কর অঞ্চল-৬। 

এক কর কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, বকেয়া কর আদায়ে এনবিআর কঠোর অবস্থান নিয়েছে। যাদের বকেয়া আছে সবাইকে পর্যায়ক্রমে চিঠি পাঠানো হচ্ছে। এজন্য কর অঞ্চলগুলোকে তাগাদা দিয়ে নিয়মিত চিঠি পাঠানো হচ্ছে বলে জানান তিনি। 

এনবিআর সূত্রে জানা গেছে, দেশে বর্তমানে প্রায় ২ কোটি ২০ লাখ ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) রয়েছে। এর মধ্যে নিয়মিত রিটার্ন জমা দেন প্রায় ৪৫ লাখ করদাতা।

তবে আয়কর আইন অনুযায়ী, করের দাবি কখনও তামাদি হয় না। করদাতার মৃত্যু হলেও তার উত্তরাধিকারীদের কাছ থেকে ওই কর আদায়ের বিধান রয়েছে।

ই-রিটার্ন ব্যবস্থায় যুক্ত হবে ব্যাংকিং তথ্য

গতকাল এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘আয়কর রিটার্ন দাখিল সাপোর্টিং বুথ’ উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, ‘আগামী বছর থেকে ই-রিটার্ন ব্যবস্থায় ব্যাংকিং তথ্য যুক্ত করা হবে।’

আব্দুর রহমান খান বলেন, ‘আয়কর ব্যবস্থাকে স্বচ্ছ ও সহজ করতে আগামী বছর থেকে ই-রিটার্ন ব্যবস্থায় ব্যাংকিং তথ্য যুক্ত করা হবে। আগামী বছর রিটার্ন দাখিলের জন্য অ্যাপস তৈরি করা হবে।’

তিনি আরও বলেন, ‘রাজস্ব আয়ে তথ্যের কারচুপি বড় বাধা। অনলাইনে রিটার্ন জমা দেওয়া হলে সরকারের আয় বাড়বে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা