বললেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫ ২১:৩৬ পিএম
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। ফাইল ছবি
দুর্বল ব্যাংকগুলোর আমানতকারীদের টাকা ফেরতের দায়িত্ব সংশ্লিষ্ট ব্যাংকগুলোকেই নিতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (১৭ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
মুখপাত্র বলেন, ‘গত সেপ্টেম্বর শেষে ১৭টি ব্যাংকের খেলাপি ঋণ ৫০ শতাংশের বেশি হয়েছে। এ ছাড়া কোনো ব্যাংককে অধিগ্রহণ করা হবে না।’ তিনি বলেন, ‘আমানতকারীদের টাকা ফেরতের দায়িত্ব সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নিতে হবে। প্রয়োজন হলে মামলা দায়ের করে টাকা ফেরত নিশ্চিত করতে হবে।’
এদিকে ডিসেম্বর মাসের প্রথম ১৬ দিনে দেশে ১৮২ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ৪১ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্যও জানিয়েছেন।
তিনি বলেন, ‘ডিসেম্বরের প্রথম ১৬ দিনে রেমিট্যান্সপ্রবাহ গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। ২০২৩ সালের ডিসেম্বরে একই সময়ে এসেছিল ১৬০ কোটি ২০ লাখ ডলার।’
আরিফ হোসেন খান জানান, ‘১৫-১৬ ডিসেম্বর দুদিনে প্রবাসীরা দেশে ১১ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। চলতি অর্থবছরের জুলাই থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৪৮৬ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের বছরের তুলনায় ১৬ দশমিক ৭০ শতাংশ বেশি।’
এ ছাড়া গত নভেম্বরে প্রবাসীরা দেশে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা চলতি অর্থবছরের সর্বোচ্চ পরিমাণ। আর গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। তারও আগে গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।
অন্যদিকে দেশের বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে এবং রেমিট্যান্স ও রপ্তানি আয়ের প্রবাহকে সহায়তা দিতে আরও প্রায় ৬৭ মিলিয়ন ডলার বা ৬ কোটি ৭০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার সাতটি ব্যাংক থেকে ডলারগুলো কেনা হয়েছে। এ সময় প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২২ দশমিক ৩০ টাকা পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কাট-অফ রেট ১২২ দশমিক ৩০ টাকা, যা মাল্টিপল প্রাইস নিলাম পদ্ধতির মাধ্যমে ডলার ক্রয়ের এই কার্যক্রম সম্পন্ন হয়েছে।
এর আগে গত ১৫ ডিসেম্বর ১৩টি ব্যাংক থেকে মোট প্রায় ১৪ কোটি ১৫ লাখ ডলার কিনেছিল কেন্দ্রীয় ব্যাংক। প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২২ দশমিক ২৯ টাকা থেকে ১২২ দশমিক ৩০ টাকা পর্যন্ত। তার আগে গত ১১ ডিসেম্বর ১৬টি ব্যাংক থেকে মোট প্রায় ১৫ কোটি ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক। ওই সময় প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২২ দশমিক ২৫ টাকা থেকে ১২২ দশমিক ২৯ টাকা পর্যন্ত। আর কাট-অফ রেট ছিল ১২২ দশমিক ২৯ টাকা।
এদিকে সবমিলিয়ে চলতি ২০২৫-২৬ অর্থবছরে এ পর্যন্ত নিলাম পদ্ধতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক মোট ২৮৭ কোটি ১৫ লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক গত ১৩ জুলাই থেকে নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে। ওই প্রক্রিয়ার অংশ হিসেবেই এখন পর্যন্ত এই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সংগ্রহ করা হয়েছে।