বাংলাদেশ আর্ক সামিট ২০২৫-এর উদ্বোধন
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫ ১৯:৪০ পিএম
বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (আইএবি) আয়োজিত বাংলাদেশ আর্ক সামিট ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি)। “Crafting Space, Shaping Habitat”—এই মূল ভাবনার ভিত্তিতে গঠিত তিন দিনব্যাপী এই সামিটে দেশ-বিদেশের স্থপতি, গবেষক, শিক্ষার্থী ও নীতিনির্ধারকরা অংশ নিয়েছেন।
এই উপলক্ষে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা একটি ভিডিও বার্তা পাঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্র সচিব স্থপতি আসাদ আলম সিয়াম। তারা বর্তমান প্রেক্ষাপটে স্থপতিদের ভূমিকাকে জাতীয় উন্নয়নের কেন্দ্রবিন্দু হিসেবে তুলে ধরেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন দক্ষিণ কোরিয়ার স্থপতি মিনসুক চো। তিনি বিশ্বপ্রেক্ষাপটে এশিয় স্থপতিদের স্থাপত্যচর্চার ধরণ ও এর গুরুত্ব সম্পর্কে কিছু আলোকপাত করেন।
অনুষ্ঠানে ২০২৫ সালে আন্তর্জাতিকভাবে পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি স্থপতি ও স্থাপত্য প্রতিষ্ঠানসমূহকে সম্মাননা প্রদান করা হয়। আয়োজকরা বলেন, এই স্বীকৃতিগুলো বিশ্বপরিসরে বাংলাদেশের স্থাপত্য মেধার দৃঢ় অবস্থানকে উদযাপন করে যা তরুণ পেশাজীবি ও ডিজাইনারদেরকে আরও বেশি আত্মবিশ্বাসী ও উৎসাহিত করবে।
উদ্বোধনী ভাষণে আইএবি সভাপতি স্থপতি ড. আবু সাইয়িদ এম আহমেদ ও সামিট কনভেনর স্থপতি কাজী এম আরিফ সামিটের উদ্দেশ্য ও ভবিষ্যৎ প্রত্যাশা তুলে ধরেন— এটি স্থাপতিক মনন ও টেকসই বিকাশ-মুখী সহযোগিতা চর্চার ক্ষেত্রে চিন্তা, সংলাপ এবং অংশীদারিত্ব নির্ভর একটি নিয়মিত জাতীয় পরিসর হয়ে উঠবে। ইন্সটিটিউটের জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়াদী সম্পর্কিত সহ-সভাপতিদ্বয়, যথাক্রমে স্থপতি নওয়াজেশ মাহবুব এবং স্থপতি খান মো. মাহফুজুল হক জগলুল, আই এ বি-এর বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রম নিয়ে তথ্যসমৃদ্ধ ভাষণ দেন।
সামিট চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। থাকছে সেমিনার, গোলটেবিল আলোচনা, স্টুডেন্ট ও ইয়ুথ ফোরাম, সাংস্কৃতিক আয়োজন ও Build Expo। এছাড়াও এ তিন দিনব্যপী বিভিন্ন গণ-পরিসরে স্থাপত্য বিষয়ক প্রদর্শনী চলবে, যেগুলো ঢাকার সাধারণ মানুষ উপভোগ করতে পারবেন জাতীয় সংসদ ভবনের সামনে (মানিক মিয়া এভিনিউ), নর্থব্রুক হল (লাল কুঠি) প্রাঙ্গণে এবং উত্তরা মেট্রো রেলস্টেশন সংলগ্ন এলাকায়।