চট্টগ্রাম বন্দর
চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫ ২১:৪৫ পিএম
রপ্তানি পণ্য এবং খালি কন্টেইনার হ্যান্ডলিং বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপোটস অ্যাসোসিয়েশন (বিকডা)।
বুধবার (১০ ডিসেম্বর) বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর এই কর্মসূচি এক মাসের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানান, উদ্ভূত পরিস্থিতিতে আজ (বুধবার) বিকডার সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও কাস্টম হাউজের কর্মকর্তারা বৈঠক করেন। বৈঠকে আলোচনার পরিপ্রেক্ষিতে বিকডা তাদের আগামীকালের (বৃহস্পতিবার) কর্মসূচি এক মাসের জন্য স্থগিত করেছে। তারা আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখার ব্যাপারে সম্মত হয়েছে।
এর আগে বিদ্যমান মাশুল বা চার্জ দিয়ে কার্যক্রম চালানো তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না জানিয়ে আজ থেকে রপ্তানি পণ্য এবং খালি কন্টেইনার হ্যান্ডলিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি প্রতিটি ডিপো আলাদাভাবে তাদের গ্রাহকদের চিঠি দিয়ে বিষয়টি জানিয়ে দেয়।
বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপোস অ্যাসোসিয়েশনের (বিকডা) মহাসচিব রুহুল আমিন শিকদার বলেন, ‘বর্ধিত মাশুল কার্যকর নিয়ে জটিলতা নিরসনে আমাদের (বিকডা) কিছু দাবি ধাওয়া ছিল। বৈঠকে আমরা সেই দাবিগুলো তুলে ধরেছি। বন্দর কর্তৃপক্ষ সেই দাবিগুলো নিরসন করার আশ্বাস দিয়েছে। তাদের আশ্বাসে আমরা কর্মসূচি এক মাসের জন্য স্থগিত করেছি। এই এক মাসের মধ্যে যদি এটি সমাধান না হয়, তাহলে আমরা আবার কার্যক্রম বন্ধ রাখব।
তিনি বলেন, লোকসান দিয়ে কন্টেইনার হ্যান্ডলিং করা সম্ভব হচ্ছে না বিধায় ডিপোগুলো কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। সমাধান না হলেও কেউ লোকসান দিয়ে কাজ পরিচালনা করবে না। তাই ট্যারিফের বিষয়টি সমাধান না হলে আবারও ডিপোগুলোতে রপ্তানি এবং খালি কন্টেইনার হ্যান্ডলিং বন্ধ থাকবে।