চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫ ২১:৩৮ পিএম
ব্যবসায়ী সমাজকে যথাযথ ভ্যাট প্রদানের মাধ্যমে স্বচ্ছভাবে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ভ্যাট হতে প্রাপ্ত রাজস্ব সরকারের আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস, যা স্বাস্থ্যসেবা, শিক্ষা, সমাজকল্যাণ, অবকাঠামো উন্নয়ন এবং জাতীয় ঋণ পরিশোধের মতো বিভিন্ন সরকারি পরিষেবা ও বিনিয়োগে ব্যবহৃত হয়। ভ্যাট নিবন্ধন করা শুধু আইনগত বাধ্যবাধকতা নয়, বরং এটি আমাদের সততা ও দায়িত্ববোধের প্রতীক। তাই ব্যবসায়ী সমাজের যথাযথ ভ্যাট প্রদান করা উচিত।
বুধবার (১০ ডিসেম্বর) নগরীর হোটেল রেডিসন ব্লুর মেজবান হলে আয়োজিত ভ্যাট দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির ব্ক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মেয়র নাগরিকদের প্রতি পণ্য ও সেবা গ্রহণের সময় ভ্যাট চালান নেওয়ার অনুরোধ করেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, স্বচ্ছতা নিশ্চিত হলে উন্নয়ন দ্রুত দৃশ্যমান হয়, আর সেই উন্নয়ন ভোগ করে নাগরিকগণ। তিনি ভ্যাট দিবসে সব স্তরের করদাতাদের ভ্যাট প্রদানে উৎসাহিত করার মাধ্যমে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, আধুনিক ও সুশৃঙ্খল দেশ গড়ে তোলার আহ্বান জানান।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রামের কমিশনার শওকত আলী সাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাস্টমস, এক্সসাইজ ও মূল্য সংযোজন কর আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মোহাম্মদ লুৎফর রহমান, কর অঞ্চল-১ চট্টগ্রামের কমিশনার মো. আবুল কালাম আজাদ, কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেট, চট্টগ্রামের কমিশনার মো. ফজলুল হক ও চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ শফি উদ্দিন। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন কাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রামের কমিশনার মো. মাহফুজুল হক ভূঁঞা।
বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বলেন, ভ্যাট হলো বাংলাদেশের আর্থিক চালিকাশক্তি। দেশের মোট রাজস্বের ৮০ (আশি) শতাংশ আদায় হয় জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে, যার মধ্যে ভ্যাটের অবদান এক-তৃতীয়াংশের বেশি। করদাতা, ব্যবসায়ী এবং জাতীয় রাজস্ব বোর্ডের সম্মিলিত প্রচেষ্টায় রাজস্ব ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন মাইলফলক অর্জন এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করার কথা অতিথিবৃন্দ উল্লেখ করেন। এ বছরের ভ্যাট দিবসের প্রতিপাদ্যের কথা উল্লেখপূর্বক তারা বলেন, সময়মতো নিবন্ধন গ্রহণ করলে ব্যবসা হয় স্বচ্ছ, গ্রাহকের আস্থা বাড়ে এবং ভবিষ্যতে কোনো আইনি জটিলতায় পড়তে হয় না।
তারা আরও বলেন, আজকের দিনটি উদযাপনের দিন নয়, বরং এটি অঙ্গীকারের দিন। সকল স্তরের জনগণকে আজ থেকে পণ্য ও সেবা গ্রহণের সময় ভ্যাট চালান নেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হতে আহ্বান জানান এবং স্বচ্ছ ভ্যাট ব্যবস্থাপনার মাধ্যমে আধুনিক বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রামের কমিশনার শওকত আলী সাদী ভ্যাট দিবস উপলক্ষে সব করদাতা ও ব্যবসায়ীকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ভ্যাট একটি পরোক্ষ কর ব্যবস্থা। একটি আধুনিক, স্বচ্ছ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে হলে ভ্যাট প্রদানের বিকল্প নেই। এ সময় শুধু নিবন্ধন গ্রহণ করা নয় নিবন্ধন গ্রহণের পরবর্তী মাস থেকে রিটার্ন দাখিলের মাধ্যমে ব্যবসায়ীদের যথাযথ ভ্যাট পরিশোধ করতে আহ্বান জানান।