প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৩ পিএম
চট্টগ্রামের মীরসরাইয়ে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষর (বেপজা) অর্থনৈতিক অঞ্চলে একটি তৈরি পোশাক কারখানা স্থাপনের লক্ষ্যে চুক্তি করেছে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান উইং তাই গার্মেন্টস (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড। চুক্তি অনুযায়ী ১০ দশমিক ৩২ মিলিয়ন ডলার (প্রায় ১ কোটি ডলার) বিনিয়োগ করবে কোম্পানিটি। যেখানে ৩ হাজার ১৫৮ জন বাংলাদেশি নাগরিকের কাজের সুযোগ হবে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকার বেপজা কমপ্লেক্সে বেপজার পক্ষে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠানের পক্ষে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক মি. লি কিংকি চুক্তিতে সই করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল এ সময় উপস্থিতি ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজ, এবং নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন-অতিরিক্ত দায়িত্ব) মোঃ ফজলুল হক মজুমদার, উইং তাই গার্মেন্টস (বাংলাদেশ) এর কোম্পানি এডভাইজর এজেডএম আজিজুর রহমানসহ বেপজার উর্ধ্বতন কর্মকর্তাগণ ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
উইং তাই গার্মেন্টস (বাংলাদেশ) বিভিন্ন ধরনের পোশাক পণ্য যেমন- নারী, পুরুষ ও বাচ্চাদের জন্য বার্ষিক ১ দশমিক ৫৬ মিলিয়ন পিস টপস, টি-শার্ট, ট্রাউজার ও সর্টস এবং ৪ দশমিক শূন্য ১ মিলিয়ন পিস জ্যাকেট, প্যান্ট ও সর্টস উৎপাদন করবে।
বেপজার নির্বাহী চেয়ারম্যান উইং তাই গার্মেন্টস (বাংলাদেশ)-কে স্বাগত জানান এবং ব্যবসা পরিচালনার জন্য নিরবচ্ছিন্ন সহযোগিতা ও ব্যবসাবান্ধব পরিবেশ প্রদানে বেপজার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।