× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা মেট্রোরেলে ৬২ হাজার টন রড দিয়েছে বিএসআরএম-কেএসআরএম

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২২ ২১:৫২ পিএম

আপডেট : ২১ ডিসেম্বর ২০২২ ১৪:৩২ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

ঢাকা মেট্রোরেল নির্মাণে বিএসআরএম এবং কেএসআরএম ৬২ হাজার টন রড দিয়েছে বলে প্রতিষ্ঠান দুটির কমকর্তারা জানিয়েছেন।

বিএসআরএমের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তপন সেন গুপ্ত প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বাংলাদেশের সব বড় প্রকল্পে বিএসআরএম রড সরবরাহ করছে। পদ্মা সেতু প্রকল্পে ৯৫ শতাংশ রড বিএসআরএম সরবরাহ করেছে। সেই ধারাবাহিকতায় মেট্রোরেল প্রকল্পেও বিএসআরএম সর্বোচ্চ পরিমাণ রড সরবরাহ করেছে। মেট্রোরেল প্রকল্পে উত্তরা থেকে আগারগাঁও অংশে প্রায় ৬৭ হাজার টন রড ব্যবহৃত হয়েছে। এর মধ্যে ৬২ দশমিক ০৭ শতাংশ তথা ৪২ হাজার টন বিএসআরএম সরবরাহ করেছে।

আর কেএসআরএম দিয়েছে ২০ হাজার টন রড, জানিয়েছেন কেএসআরএমের সিনিয়র মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপনন) মো. জসিম উদ্দিন। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও অংশে চাহিদার প্রায় ২৯ শতাংশ তথা ২০ হাজার টন রড কেএসআরএম সরবরাহ করেছে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে এসব রড সরবরাহ করা হয়। ভবিষ্যতেও কেএসআরএম ওই প্রকল্পে রড সরবরাহ করবে।’

রাজধানী ঢাকার যানজট কমাতে সরকার নির্মাণ করেছে মেট্রোরেল। আগামী ২৮ ডিসেম্বর মেট্রোরেল যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। প্রথম পর্যায়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার মেট্রোরেল আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বপ্নের মেট্রোরেল নির্মাণের ভিত গড়তে রড সরবরাহে নেতৃত্ব দিয়েছে চট্টগ্রাম। দেশের শীর্ষ দুই ইস্পাত শিল্পকারখানা বিএসআরএম এবং কেএসআরএম কারখানা থেকেই সর্বোচ্চ ৯২ শতাংশ রড সরবরাহ করা হয়েছে এখানে। 

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে পৃথিবীর বুকে জন্ম নেওয়া বাংলাদেশে বিএসআরএম ছাড়া অন্য স্টিল রি-রোলিং মিলস খুব বেশি ছিল না। পরবর্তীতে ১৯৯০ সালে আধুনিক অবকাঠামো নির্মাণে ডেভেলপার কোম্পানিগুলো এগিয়ে আসার পরে দেশে ইস্পাতের চাহিদা বাড়তে থাকে। বর্ধিত চাহিদা পূরণে এগিয়ে আসে কয়েকটি শিল্প গ্রুপ। এর মধ্যে কেএসআরএম, আরএসআরএম, জিপিএইচ ইস্পাত, একেএস স্টিলসহ বেশ কয়েকটি ইস্পাত কারখানা গড়ে ওঠে চট্টগ্রামে। আবার এসব কারখানার কাঁচামাল সবরাহ করতে চট্টগ্রামের উপকণ্ঠ সীতাকুণ্ড এলাকায় গড়ে ওঠে শতাধিক শিপ ব্রেকিং ইয়ার্ড।  

১৯৯০ সালের পর প্রায় তিন দশকে চট্টগ্রাম এখন ইস্পাতশিল্পে নেতৃত্বে পৌঁছেছে। শুধু চট্টগ্রামেই গড়ে উঠেছে অন্তত ২০টি ইস্পাত কারখানা। দেশের ভৌত অবকাঠামো নির্মাণে প্রায় ৭০ লাখ টন রডের চাহিদার প্রায় ৮০ শতাংশ রড সরবরাহ করছে চট্টগ্রামের এসব প্রতিষ্ঠান।

ইস্পাত শিল্পকারখানা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, পদ্মাসেতু, মেট্রোরেল ও বঙ্গবন্ধু ট্যানেলসহ মেগা প্রকল্পের সিংহভাগ রড সরবরাহ করছে চট্টগ্রামের ইস্পাত শিল্প প্রতিষ্ঠান।

শুধু মেগা প্রকল্প নয়, দেশের ইস্পাতের চাহিদা পূরণেও কেএসআরএম অগ্রণী ভূমিকা রাখছে উল্লেখ করে জানান জসিম উদ্দিন। তিনি বলেন, ‘দেশে এখন বার্ষিক রডের চাহিদা ৭০ লাখ টন। এর মধ্যে ১০ লাখ টনের বেশি কেএসআরএম সরবরাহ করে। বঙ্গবন্ধু ট্যানেল প্রকল্পে কেএসআরএম প্রায় ৫০ শতাংশ রড সরবরাহ করেছে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা