প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫ ২২:১৬ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫ ০০:৩০ এএম
কয়েক দিন ধরে বাজারে সরবরাহ সংকট এবং অস্থিরতা দেখার পর অবশেষে ভোক্তাদের জন্য দুঃসংবাদ এলো। বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
রবিবার (৭ ডিসেম্বর) তারা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৬ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ৭ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীরা, যা সোমবার থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দাম সমন্বয় করা হয়েছে।
এর আগে ৩ ডিসেম্বর খুচরা বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৯ থেকে বেড়ে ১৯৮ টাকা হয়ে যায়, আর খোলা তেলের লিটারে বাড়ে ৫ টাকা। সেদিন সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে এভাবে দাম বাড়ানোয় ব্যবসায়ীদের সমালোচনা করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছিলেন, সরকারকে না জানিয়েই আমদানিকারক ও বাজারজাতকারী কোম্পানিগুলো ভোজ্যতেলের দাম বাড়িয়েছে।
এরপর থেকে ঢাকার ওলি-গলির অধিকাংশ দোকানে বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা যায়। কোথাও কোথাও পাওয়া গেলেও শুধু ৫ লিটারের বোতল মেলে।
রবিবারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন দাম অনুযায়ী এখন বোতলজাত সয়াবিন তেল লিটারপ্রতি ১৯৫ টাকা, যা আগের থেকে ৬ টাকা বেড়েছে। খোলা সয়াবিন তেল ১৭৬ টাকা, আগের থেকে ৭ টাকা বেড়েছে।
খোলা পাম তেল প্রতি লিটার ১৬৬ টাকা এবং পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৩৩ টাকা বাড়িয়ে ৯৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।