প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫ ২১:২১ পিএম
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসিকে তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক।
সোমবার (১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। নতুন ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে সাবেক সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়াকে।
দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ওই সার্কুলারে বলা হয়, ১ ডিসেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসিকে তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত করা হলো। এ প্রজ্ঞাপন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, এ ব্যাংকের পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে ২০ হাজার কোটি বাংলাদেশ ব্যাংকের জমাসহ প্রয়োজনীয় অন্যান্য শর্ত পূরণ করায় গত ৩০ নভেম্বর কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডসভায় সম্মিলিত ইসলামী ব্যাংককে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এরপর আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় ব্যাংক থেকে সম্মিলিত ইসলামী ব্যাংক কর্তৃপক্ষকে লাইসেন্স হস্তান্তর করে এবং দেশে ব্যাংকিং কার্যক্রম শুরু করতে চিঠি দেওয়া হয়।
এ নিয়ে দেশে মোট ব্যাংকের সংখ্যা ৬৩টিতে দাঁড়াল। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের সংখ্যা ১০টি। বেসরকারি ৪৩টি। আর বিদেশি ব্যাংক ৯টি।
তবে যেহেতু পাঁচটি ব্যাংক একত্রিত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছে সরকার। তাই বেসরকারি তফসিলি ব্যাংক ৫টি বাদ যাবে এবং এ খাতে তফসিলি ব্যাংকের সংখ্যা দাঁড়াবে ৩৮টিতে। আর সব মিলিয়ে তফসিলি ব্যাংকের সংখ্যা কমে ৫৮টিতে দাঁড়াবে।