প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫ ২১:১৫ পিএম
দেশের বন্ড ব্যবস্থাপনাকে আধুনিক, স্বচ্ছ ও পূর্ণাঙ্গ প্রযুক্তিনির্ভর কাঠামোতে রূপান্তরের অংশ হিসেবে আগামী ১ জানুয়ারি থেকে কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম-সিবিএমএস ব্যবহার বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সোমবার (১ ডিসেম্বর) এ বিষয়ে একটি পরিপত্র জারি করে এনবিআর।
পরিপত্রে জানানো হয়, বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী সব প্রতিষ্ঠানের ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) ইস্যু কার্যক্রম আর কোনো অবস্থাতেই ম্যানুয়াল পদ্ধতিতে পরিচালিত হবে না। শুল্কমুক্ত কাঁচামাল আমদানির পুরো প্রক্রিয়া একীভূত ও স্বয়ংক্রিয় করতে সিবিএমএসই হবে একমাত্র প্লাটফর্ম।
গত বছরের ১ জানুয়ারি চালু হওয়া স্বয়ংক্রিয় সফটওয়্যার সিবিএমএসের ২৪টি মডিউল এখন তিনটি কাস্টমস বন্ড কমিশনারেটে সীমিত পরিসরে ব্যবহৃত হচ্ছে। ইউপি মডিউল সক্রিয় থাকলেও অধিকাংশ প্রতিষ্ঠান এখনও ম্যানুয়াল পদ্ধতিতে সেবা গ্রহণ করছে। ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে সফটওয়্যারটি সংশোধন ও উন্নয়ন করে আরও সহজ ও ব্যবহারবান্ধব করা হয়েছে বলে এনবিআর জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিবিএমএস বাধ্যতামূলক হওয়ায় বন্ডসেবার দ্রুততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। কাঁচামালের ইনপুট ও আউটপুট তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণ হওয়ায় হিসাবরক্ষণ সহজ হবে, প্রতিষ্ঠানগুলোর সময় ও ব্যয় কমবে এবং দলিলপত্র ম্যানুয়ালি জমা দেওয়ার ঝামেলা কাটবে। এতে বন্ড সংক্রান্ত বিবাদ ও অনিয়মের ক্ষেত্রও উল্লেখযোগ্যভাবে কমবে বলে এনবিআরের আশা।
রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং পূর্ণাঙ্গ অটোমেশন অর্জনে ডিজিটালাইজেশন কার্যক্রম আরও বিস্তৃত করা হবে বলেও এনবিআর তার বিজ্ঞপ্তিতে জানিয়েছে।