চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫ ২১:০৮ পিএম
রাষ্ট্রায়াত্ব জ্বালানি তেল বিপননকারী প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির নতুন নাম হতে যাচ্ছে ‘যমুনা অয়েল পিএলসি’।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের চেয়ারম্যানকে পাঠোনো এক চিঠি থেকে এ তথ্য জানা যায়।
চিঠিতে বলা হয়, গত ১২ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানির ৫৪০তম বোর্ড সভায় কোম্পানির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। বোর্ড সভায় কোম্পানির পরিবর্তিত নাম হবে ‘যমুনা অয়েল পিএলসি’।
যমুনা অয়েল সূত্রে জানা যায়, ১৯৬৪ সালে ২ (দুই) কোটি টাকা মুলধন নিয়ে তৎকালীন পাকিস্তানের প্রথম জাতীয় তেল কোম্পানি হিসেবে পাকিস্তান ন্যাশনাল অয়েল লিমিটেড (পিএনওএল) নামক কোম্পানিটি যাত্রা শুরু করে। ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশ অ্যাব্যানড্যান্ড প্রোপার্টি (কনট্রোল, ম্যানেজমেন্ট এন্ড ডিস্লোজাল) আদেশ ১৯৭২ (পিও নং ১৬, ১৯৭২) বলে পাকিস্তান ন্যাশনাল অয়েল লিমিটেডকে পরিত্যক্ত সম্পত্তি হিসেবে ঘোষণা করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অধিগ্রহণ করা হয় এবং এর নামকরণ করা হয় বাংলাদেশ ন্যাশনাল অয়েল্স লিমিটেড। এরপর ১৯৭৩ সালের ১৩ জানুয়ারি এক সরকারি আদেশ বলে এর পুনঃনামকরণ করা হয় যমুনা অয়েল কোম্পানী লিমিটেড (জেওসিএল)।