প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫ ১৫:৪৬ পিএম
দেশের রাজস্ব ব্যবস্থার তিনটি গুরুত্বপূর্ণ আইন- মূল্য সংযোজন কর আইন ২০১২, কাস্টমস আইন ২০২৩ এবং আয়কর আইন ২০২৩ এর অথেনটিক ইংরেজি টেক্সট সরকারি গেজেটে প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একইসঙ্গে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা-২০১৬ এর ইংরেজি সংস্করণও সরকারি গেজেটে প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এনবিআরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দেশি-বিদেশি বিনিয়োগকারী, গবেষক, বিশ্লেষক ও বিভিন্ন পেশাজীবী প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে এই তিন আইনের নির্ভুল ইংরেজি সংস্করণ না থাকায় নানা জটিলতা ও অনিশ্চয়তার মুখে পড়ছিলেন। বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে বিদেশি বিনিয়োগকারীদের জন্য রাজস্ব আইনের ইংরেজি সংস্করণ অত্যাবশ্যক হয়ে উঠেছিল।
দীর্ঘ প্রক্রিয়া শেষে ২০২৩ সালে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এবং কাস্টমস অ্যাক্ট-১৯৬৯ বাতিল করে নতুন আয়কর আইন ও কাস্টমস আইন প্রণয়ন করা হয়। এরপর থেকেই আইনের অথেনটিক ইংলিশ টেক্সট প্রকাশের দাবি জোরালো হতে থাকে।
এনবিআর জানায়, লেজিসলেটিভ বিভাগ যথেষ্ট সময় নিয়ে অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে আইন তিনটির ইংরেজি ভার্সনে প্রয়োজনীয় সুপারিশ করে ভেটিং চূড়ান্ত করে প্রকাশের জন্য বিজি প্রেসে পাঠালে আইন তিনটি বিজি প্রেস থেকে গেজেট নোটিফিকেশন আকারে প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে দেশের ব্যবসায়ী, পেশাজীবী সংগঠন, বিদেশি বিনিয়োগকারী এবং বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের দাবি ছিল এই তিনটি রাজস্ব আইনের স্বীকৃত ইংরেজি সংস্করণ প্রকাশের।