প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫ ২০:৫৪ পিএম
প্রথম বারের মত আয়োজিত হতে যাচ্ছে টেড অনুমোদিত আন্তর্জাতিক ইভেন্ট টেডএক্স উত্তরা (TEDx Uttara)। আগামী ১৩ ডিসেম্বর (শনিবার) রাজধানীর ‘বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজি’ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে এই ইভেন্ট।
প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত ইভেন্টের অফিসিয়াল ফেইসবুক পেইজ থেকে আটজন বক্তার নাম ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী বক্তা হিসেবে উপস্থিত থাকবেন- মার্কিন সার্জন এবং বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ‘কে কেয়ার এলএলসি’র সহসভাপতি স্কট লেকম্যান, চিকিৎসক ও গণমাধ্যম ব্যক্তিত্ব ডা: আব্দুন নূর তুষার, চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, ব্র্যাক ইউনিভার্সিটির অধ্যাপক ও বিজ্ঞানী ড. মোহাম্মদ কায়কোবাদ, লেখক ও সরকারি কর কর্মকর্তা বাদল সৈয়দ, অ্যাগ্রিটেক স্টার্টআপ ‘ফসল’ এর প্রতিষ্ঠাতা ও সিইও সাকিব হোসেন, কার্টুনিস্ট ও রম্য পত্রিকা ‘উন্মাদ’ এর সহকারী সম্পাদক মোর্শেদ মিশু এবং ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল।
উক্ত ইভেন্টে অংশ নিতে চাইলে ‘TEDx Uttara’ নামের অফিসিয়াল ফেইসবুক পেইজে দেয়া লিংক থেকে রেজিস্ট্রেশন করে টিকিট সংগ্রহ করতে হবে। টিকিট পার্টনার হিসেবে আছে ‘টিকিট টুমোরো’।
টেডএক্স উত্তরা ইভেন্টের প্রতিপাদ্য ‘পাওয়ার অফ পসিবিলিটি’ নির্ধারণ করার বিষয়ে লিড অর্গানাইজার এবং লাইসেন্সি সুমাইয়া কবির বলেন, ‘আজকের পৃথিবীতে যেকোনো বড় পরিবর্তনের শুরু হয় একটিমাত্র সাহসী চিন্তা থেকে, একটি ছোট ‘সম্ভব’ শব্দ থেকেই রচিত হয় অগণিত অগ্রগতির গল্প। এই উপলব্ধি থেকেই এই থিমটি নির্ধারণ করেছি আমরা।’
আয়োজন সম্পর্কে তিনি আরও বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে টেডএক্স উত্তরার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করা। মানুষ যাতে টেডএক্সের বাংলাদেশ ইভেন্ট বলতে টেডএক্স উত্তরাকে বেঞ্চমার্ক হিসেবে চিনে এমনভাবে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী এটি আয়োজন করতে চাই। এছাড়াও ১৩ ডিসেম্বর দিনটিকে স্মরণীয় দিন হিসেবে তৈরি করতে চাই মানুষের জন্য। এটা মানুষকে ভিন্ন উপায়ে ভাবতে চেষ্টা করাবে, কারও কারও ক্ষেত্রে জীবন পরিবর্তনের জন্য কোনো আইডিয়া নেয়ার বা কিছু শেখার কিংবা নেটওয়ার্কিং তৈরি করারও একটা তাৎপর্যপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠবে এই প্রত্যাশা আছে। এখন পর্যন্ত যেই পরিমাণ সাড়া পাচ্ছি, আশা রাখছি আমাদের এই উদ্যোগ সফলভাবে আমরা শেষ করতে পারবো।
টেডএক্স হলো টেড (TED) অনুমোদিত একটি প্ল্যাটফর্ম। আর টেড হলো আমেরিকা ভিত্তিক একটি অলাভজনক মিডিয়া অর্গানাইজেশন যেটি আন্তর্জাতিকভাবে বিভিন্ন ইভেন্ট বা কনফারেন্সের আয়োজন করে বিশ্বের বিখ্যাত এবং ভিন্নধর্মী কাজে যুক্ত এমন ব্যক্তিদের সেখানে আমন্ত্রণ জানায়। এ সকল ব্যক্তিরা তাঁদের অভিজ্ঞতা, উদ্ভাবনী ধারণা ও কৌশল এবং সমাজের বিভিন্ন ইতিবাচক বিষয় নিয়ে ১৮ মিনিট করে মঞ্চে কথা বলেন।
উল্লেখ্য, চলতি বছরের জুলাইয়ে টেড থেকে টেডএক্সের ইভেন্ট আয়োজনের জন্য অনুমোদন পায় আয়োজকরা।