বেনাপোল (যশোর) প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫ ২০:৩০ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৫ ২০:৩৯ পিএম
ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ১৪৫ চালানে ১৩ হাজার ৫২৮ টন মোটা চাল আমদানি করা হয়েছে। দেশে চালের বাজার স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন বন্দর দিয়ে ব্যবসায়ীদের আমদানির অনুমতি দেয়। এরই ধারাবাহিকতায় গত ২১ আগস্ট থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ৩৯৫টি ট্রাকে এসব চাল আমদানি করা হয়।
বেনাপোল বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমদানিকৃত চাল দ্রুত খালাসের ব্যবস্থা করা হয়েছে। বন্দর সূত্রে জানা গেছে, গত আগস্টে ১ হাজার ২৬০ টন, সেপ্টেম্বরে ৫ হাজার ৪৩৫, অক্টোবরে ৫ হাজার ১৮৮ এবং নভেম্বরে ১ হাজার ৬৪৫ টন চাল ভারত থেকে আমদানি করা হয়েছে। আমদানি করা এসব চাল ছাড়করণে কাজ করছেন পাঁচটি সিঅ্যান্ডএফ এজেন্ট।
সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স ভূঁইয়া এন্টারপ্রাইজের প্রতিনিধি বাবলুর রহমান বলেন, আমদানির শুরু থেকেই আমরা কাস্টম হাউসে চাল ছাড়করণের জন্য কাজ করে আসছি। চার মাস পর গত ২১ আগস্ট থেকে পুনরায় ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়। যে পরিমাণ চাল আমদানি হয়েছে তার অধিকাংশই আমরা ছাড় করেছি।
বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, গত ২১ আগস্ট থেকে বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু হওয়ায় পাইকারি ও খুচরা বাজারে কিছুটা দাম কমেছে। এভাবে আমদানি অব্যাহত থাকলে বাজারে চালের দাম আরও কমে আসবে বলে মনে করেন তিনি।