× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেপজায় ৭ কোটি ৬৬ লাখ ডলার বিনিয়োগের চুক্তি দুই কোম্পানির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫ ২১:২২ পিএম

আপডেট : ১৮ নভেম্বর ২০২৫ ১৫:৪৮ পিএম

বেপজায় ৭ কোটি ৬৬ লাখ ডলার বিনিয়োগের চুক্তি দুই কোম্পানির

বেপজা অর্থনৈতিক অঞ্চলে নতুন শিল্প ইউনিট স্থাপনের লক্ষ্যে দুটি বিদেশি মালিকানাধীন কোম্পানির সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। কোম্পানিগুলো হালকা প্রকৌশল এবং গার্মেন্ট অ্যাক্সেসরিজ উৎপাদনে ৭০ দশমিক ৬৬ মিলিয়ন (৭ কোটি ৬৬ লাখ) মার্কিন ডলার বিনিয়োগ করবে। বাংলাদেশি মুদ্রায় (ডলার প্রতি ১২২ টাকা ধরে) যার পরিমাণ ৮৬২ কোটি টাকার বেশি। এই বিনিয়োগ সম্পন্ন হলে ১ হাজার ১০৫ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান সৃষ্টি হবে।

সোমবার (১৭ নভেম্বর) ঢাকায় বেপজা কমপ্লেক্সে বেপজা এবং ওই দুই কোম্পানির (ডিজে কপার কোম্পানি লিমিটেড ও জিআরএক্স টেকনোলজি (বিডি) কোম্পানি লিমিটেড) মধ্যে চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। বেপজার পক্ষে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং জিআরএক্স টেকনোলজি (বিডি) কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজ ঝ্যাং না এবং ডিজে কপার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মি. ঝ্যাং জুনফেং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন। তিনি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিশেষত বেপজা অর্থনৈতিক অঞ্চলকে বিনিয়োগ গন্তব্য হিসেবে বেছে নেওয়ায় ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘নিরাপদ, ব্যবসাবান্ধব ও কার্যকর বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে বেপজা বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সঙ্গে চীনের দীর্ঘদিনের সম্পর্ক এবং বেপজার ধারাবাহিক সেবার মানের কারণে বিদেশি বিনিয়োগকারীরা, বিশেষ করে চীনা বিনিয়োগকারীরা, বেপজার প্রতি উচ্চ আস্থা রাখছেন।’

নির্বাহী চেয়ারম্যান প্রতিষ্ঠান দুটিকে বর্তমান শুষ্ক মৌসুমকে কাজে লাগিয়ে দ্রুত নির্মাণকাজ শুরু করার আহ্বান জানান এবং বেপজার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা ও নিরবচ্ছিন্ন সেবা প্রদানের আশ্বাস দেন।

চুক্তি অনুযায়ী হংকং-চীন মালিকানাধীন ডিজে কপার কোম্পানি লিমিটেড ৫০ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে কপার তার, কপার শিট, কপার হার্ডওয়্যার, কেবল লাইন, কেবল তার, জিপার দাঁত, ব্রাশের তার, ইলেকট্রনিক অ্যাক্সেসরিজসহ (যেমন সুইচ প্লেট, বোতাম লোগো) বিভিন্ন ধরনের লাইট ইঞ্জিনিয়ারিং এবং কপার পণ্য তৈরি করবে। কোম্পানিটি তাদের অনুকূলে বরাদ্দ করা ২১ হাজার ৬০০ বর্গমিটার জমিতে নিজস্ব কারখানা ভবন তৈরি করবে এবং ৫৩৫ জন বাংলাদেশি শ্রমিক নিয়োগ করবে।

অন্যদিকে হংকং-চীন মালিকানাধীন আরেকটি প্রতিষ্ঠান জিআরএক্স টেকনোলজি (বিডি) কোম্পানি লিমিটেড বিভিন্ন ধরনের গার্মেন্ট অ্যাক্সেসরিজ যেমন জিপার, ওয়াইজি স্লাইডার, জিঙ্ক অ্যালয় স্লাইডার, বোতাম, স্ন্যাপ বোতাম, লোগো, বেল্ট বাকল ইত্যাদি উৎপাদনে ২০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। তারা ১৪ হাজার ৪০০ বর্গমিটার জমিতে কারখানা নির্মাণ করবে এবং ৫৭০ জন বাংলাদেশিকে কর্মসংস্থান দেবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এএসএম আনোয়ার পারভেজ এবং বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ প্রতিষ্ঠান দুটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা