প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫ ২২:০৬ পিএম
কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (সিএমএসএমই) খাতে ঋণ বা বিনিয়োগ সুবিধা অব্যাহত রাখতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (১২ নভেম্বর) ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট থেকে এ বিষয়ে সার্কুলার জারি করা হয়।
দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়, উদ্যোক্তাদের উচ্চ চাহিদা ও খাতটির স্বার্থ বিবেচনায় তিন বছর মেয়াদি ২৫ হাজার কোটি টাকার রিফাইন্যান্স স্কিমটি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চলমান থাকবে। আগের সব নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
ব্যাংক কোম্পানি আইন-১৯৯১-এর ৪৫ ধারা এবং ফাইন্যান্স কোম্পানি আইন-২০২৩-এর ৪১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের ১৯ জুলাই তিন বছর মেয়াদি এই স্কিম চালু করে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান উদ্যোক্তাদের কাছ থেকে সর্বোচ্চ ৭ শতাংশ সুদ নিতে পারে, আর বাংলাদেশ ব্যাংক তাদের ২ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন দেয়।
স্কিমের আওতায় বিতরণ করা ঋণের অন্তত ৭৫ শতাংশ সিএমএসএমই উদ্যোক্তাদের এবং সর্বোচ্চ ২৫ শতাংশ মাঝারি উদ্যোক্তাদের দিতে হবে। পাশাপাশি অন্তত ৭০ শতাংশ ঋণ উৎপাদন ও সেবা খাতে এবং সর্বোচ্চ ৩০ শতাংশ ব্যবসা খাতে দেওয়া যাবে। খেলাপি ঋণগ্রহীতারা এ সুবিধা পাবেন না।
কৃষি প্রক্রিয়াজাতকরণ, কৃষিযন্ত্র প্রস্তুত, তৈরি পোশাক, আইসিটি, চামড়া, লাইট ইঞ্জিনিয়ারিং ও পাটজাত শিল্পকে এ ঋণে অগ্রাধিকার দেওয়া হবে।