× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন বেতন কাঠামোর রূপরেখা চূড়ান্ত করে যাবে অন্তর্বর্তী সরকার : অর্থ উপদেষ্টা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫ ১৭:১২ পিএম

আপডেট : ১২ নভেম্বর ২০২৫ ১৭:১৪ পিএম

ফাইল ছবি।

ফাইল ছবি।

নতুন বেতন কাঠামো চূড়ান্ত করার কাজটা জাতীয় বেতন কমিশন স্বাধীনভাবে করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা . সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, কাজটা অনেক জটিল, তবে অন্তর্বর্তী সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বেতন কমিশনের প্রতিবেদন (বেতন কাঠামো) চূড়ান্ত করে যাবে। আশা করা যায়, আগামী সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে নেবে।

বুধবার (১২ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সালেহউদ্দিন আহমেদ।

অর্থ উপদেষ্টা বলেন, পে কমিশনের জন্য আলাদা কমিশন কাজ করছে। তিনটি প্রতিবেদন পাওয়ার পর সেগুলো যাচাই করে তারপর কমিশন গঠন করা হবে। বর্তমান সরকার একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে, আর পরবর্তী সরকার সেটি বাস্তবায়ন করবে।

তিনি বলেন, সাত থেকে আট বছর কিছু হয়নি। আমরা তো একটা উদ্যোগ নিয়েছি। ক্ষোভের পরিবর্তে বরং আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। অনেক চিন্তা-ভাবনা করে কাজটি করা হচ্ছে। আগামী সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে নেবে না, তা আমার মনে হয় না।

সরকারি কর্মচারীদের উদ্দেশে অর্থ উপদেষ্টা বলেন, ক্ষোভের সৃষ্টি হওয়া অপ্রত্যাশিত। একটু ধৈর্য ধরতে হবে।

বেসামরিক, সামরিকসহ মোট তিনটা প্রতিবেদন (আরেকটা বিচার বিভাগ) পাওয়ার পর পারস্পরিক সামঞ্জস্য দেখা হবেও বলে জানান সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, কাজগুলো করতে একটু সময় লাগে। প্রশাসনিক কিছু প্রক্রিয়া আছে। সচিব কমিটি দেখবে, জনপ্রশাসন দেখবে। অর্থ বিভাগের সম্পৃক্ততাও আছে। তারপর বাস্তবায়ন করা যাবে। সে জন্যেই বলেছি যে আমাদের সময়ে এটা বাস্তবায়ন করার ব্যাপারে কিছুটা অনিশ্চয়তা আছে।

রোজার আগে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে তেল ও চিনি আমদানি করা হবে জানিয়ে তিনি আরও বলেন, নির্বাচন পর্যবেক্ষণ ও ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদারে ৪০ হাজার ‘বডি অন ক্যামেরা’ কেনার প্রস্তাব আলোচনা হয়েছে। পরবর্তী ক্রয় কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ইউএনডিপির মাধ্যমে নাকি অন্য কোনো সংস্থার মাধ্যমে ক্যামেরাগুলো কেনা হবে, তাও তখন নির্ধারিত হবে বলে জানান . সালেহউদ্দিন আহমেদ।

অর্থ উপদেষ্টা জানান, সংশোধিত বাজেটের আকার কিছুটা কমানো হবে, তবে অর্থের পরিমাণে বড় ধরনের পরিবর্তন আনা হবে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা