নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২২ ১৬:৩৭ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২২ ১৬:৫৮ পিএম
শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। ফাইল ছবি।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতকে এগিয়ে নিতে বেশি করে ঋণ দেওয়ার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
রবিবার (১৪ আগস্ট) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে “বঙ্গবন্ধুর এসএমই উন্নয়ন ভাবনা ও বর্তমান প্রেক্ষাপট” নিয়ে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এ আহ্বান জানান।
তিনি বলেন, শুধু মুনাফার লক্ষ্য ঠিক না করে দেশের প্রতি দায়বদ্ধতা থেকে কাজ করে যেতে হবে। প্রান্তিক মানুষের কাছে যেতে ব্যাংকগুলোকে শহরের বাইরে ৭০ শতাংশ শাখা খোলার ওপর জোর দেন তিনি।
শিল্পমন্ত্রী আরও জানান, এসএমই খাতকে সুরক্ষা দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা নেবে সরকার। আগামীতে এসএমই খাতকে দাঁড় করাতে না পারলে বাংলাদেশের সর্বনাশ হয়ে যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মাসুদুর রহমান বলেন, দেশের সুষম উন্নয়নের জন্য এই খাতকে প্রাধান্য দিতে হবে। এজন্য তিনি এসএমই খাতে অর্থায়নের ওপর জোর দেওয়ার আহ্বান জানান।
প্রবা/এনএস/জেআই