× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেপজায় দ্বিতীয় ড্রোন প্রকল্পের অনুমোদন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫ ২১:৩৩ পিএম

বেপজায় দ্বিতীয় ড্রোন প্রকল্পের অনুমোদন

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে দ্বিতীয় ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের অনুমোদন দিয়েছে। চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান এরোসিন্থ লিমিটেড সেখানে ৩৫ লাখ মার্কিন ডলার বিনিয়োগে কারখানা গড়বে।

কারখানায় খেলনা ড্রোন, মাছ ধরার ড্রোন এবং হালকা পণ্য পরিবহনের ড্রোন তৈরি করা হবে। বছরে ১ লাখ ৫০ হাজার ইউনিট ড্রোন উৎপাদনের লক্ষ্য নিয়ে কারখানাটি গড়ে উঠছে, যেখানে কর্মসংস্থান হবে ৭০ জন বাংলাদেশির।

বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রথম ড্রোন উৎপাদন প্রকল্পটি বর্তমানে বাস্তবায়নাধীন রয়েছে। তারা কৃষিতে কীটনাশক স্প্রে, অগ্নি নির্বাপণ, জরুরি উদ্ধার, পণ্য বিতরণ, সিনেমাটোগ্রাফি এবং ম্যাপিংয়ের জন্য ড্রোন উৎপাদন করবে। এই প্রকল্পগুলো বেপজার শিল্পখাতের বৈচিত্র্য ও আধুনিক প্রযুক্তিনির্ভর শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করছে।

বুধবার (৫ নভেম্বর) ঢাকায় বেপজা কমপ্লেক্সে এরোসিন্থ লিমিটেডের সঙ্গে লিজ চুক্তি সই হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর ও এরোসিন্থের প্রতিনিধি মিজ হু ড্যানড্যান চুক্তিতে স্বাক্ষর করেন।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, উচ্চপ্রযুক্তির পণ্য উৎপাদনের ক্ষেত্রে বেপজা অর্থনৈতিক অঞ্চলকে বিনিয়োগ গন্তব্য হিসেবে বেছে নেওয়ায় এরোসিন্থকে ধন্যবাদ জানানো হচ্ছে। নির্বিঘ্ন ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে বেপজা সর্বাত্মক সহযোগিতা দেবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত বেপজা অর্থনৈতিক অঞ্চলে ছয়টি প্রতিষ্ঠান ইতোমধ্যে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম শুরু করেছে, যদিও উন্নয়ন কাজ এখনো চলমান। এই চালু শিল্পগুলো প্রায় ৪ হাজার শ্রমিকের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং ১ কোটি ৯৯ লাখ মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে। আরও কয়েকটি প্রতিষ্ঠান শীঘ্রই উৎপাদন শুরু করতে যাচ্ছে, যা বেপজা অর্থনৈতিক অঞ্চলের শিল্পভিত্তিকে আরও সম্প্রসারিত করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লে: কর্নেল মো. আরিফুর রহমান, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজ এবং এরোসিন্থ লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা