পর্যটন মেলা উদ্বোধন
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫ ০৯:০৬ এএম
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে আন্তর্জাতিক পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ-২০২৫)। তিন দিনব্যাপী এই মেলার আয়োজন করেছে দেশের পর্যটন সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় এই মেলার উদ্বোধন করা হয়।
মেলায় দেশি-বিদেশি ১২০টির বেশি সংস্থা ও প্রতিষ্ঠান প্রায় ২২০টি স্টল ও ২০টি প্যাভিলিয়নে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। প্রদর্শন প্রতিষ্ঠানগুলো হলো- জাতীয় পর্যটন সংস্থা, বিভিন্ন এয়ারলাইনস, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, ট্রাভেল এজেন্সি, আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও অন্যান্য পর্যটন-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। এবারের মেলায় পাকিস্তান, নেপাল ও ভুটানের জাতীয় পর্যটন সংস্থা ও ট্যুরিজম অ্যাসোসিয়েশন অংশগ্রহণ করছে। এ ছাড়াও পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, সিঙ্গাপুর, ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, শ্রীলঙ্কা, ফিলিপাইন, তুরস্ক ও স্বাগতিক বাংলাদেশের ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টরা অংশগ্রহণ করছেন।
মেলার টাইটেল স্পন্সর হিসেবে থাকছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, আর পেমেন্ট পার্টনার বিকাশ। সার্বিক সহযোগিতায় রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, পর্যটন করপোরেশন ও ট্যুরিস্ট পুলিশ।
মেলায় ভিজিটরদের জন্য তাদের সেবা ও পণ্যের ওপর বিশেষ মূল্যছাড় প্রদান করছে। দেশি ও বিদেশি গন্তব্যে এয়ার টিকিট, তারকা হোটেলগুলোয় রুম বুকিং, ভ্রমণ প্যাকেজ ইত্যাদি এই মূল্যছাড়ের অন্তর্ভুক্ত। মেলায় সাইড লাইন ইভেন্ট হিসেবে থাকবে বিটুবি সেশন, সেমিনার, অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান ও কান্ট্রি প্রেজেন্টেশন। এ ছাড়া মেলায় আগত দর্শনার্থীদের জন্য প্রতিদিন সাংস্কৃতিক আয়োজন এবং দেশের পর্যটন গন্তব্যের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। এ ছাড়াও থাকবে আকর্ষণীয় র্যাফেল ড্র পুরস্কার। মেলার প্রবেশ মূল্যের ওপর বিটিটিএফ পেমেন্ট পার্টনার বিকাশের ক্যাশব্যাক অফার থাকছে।
গতকাল থেকে শুরু হওয়া মেলায় প্রবেশ মূল্য জনপ্রতি ৫০ টাকা হলেও ছাত্র-ছাত্রী, মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে। মেলাটি প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।
বাংলাদেশের বৃহত্তম এ পর্যটন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে দেশের পর্যটন খাতের সম্ভাবনা নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, পর্যটন দেশের অন্যতম কর্মসংস্থান সৃষ্টিকারী খাতগুলোর একটি। পর্যটনকে এগিয়ে নিতে হলে আমাদের সকল স্টেকহোল্ডারের একসঙ্গে কাজ করতে হবে। আর সরকার পর্যটনের উন্নয়নে কাজ করে যাচ্ছে।
এ সময় ট্যারিফ ও ভ্যাট কমিয়ে আনার আহ্বান জানান টোয়াবের প্রেসিডেন্ট মো. রাফিউজ্জামান। তিনি বলেন, বর্তমানে ৪০ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ খাতে জড়িত। এ খাতে সঠিক পরিকল্পনা করা গেলে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব।
তিনি আরও বলেন, বিদেশি পর্যটকদের বাংলাদেশে আগমন বাড়াতে হলে অন-অ্যারাইভাল ভিসার পরিবর্তে ই-ভিসা পদ্ধতি চালু করা প্রয়োজন। এ ছাড়া দেশের অ্যামিউজমেন্ট পার্ক, হোটেল, রিসোর্ট, যানবাহন ও অন্যান্য সরঞ্জাম যদি স্বল্প করের আওতায় আনা যায়, তাহলে পর্যটন খাতের আরও প্রসার ঘটবে।