× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেপজায় পৌনে তিন কোটি ডলার বিনিয়োগ করছে জার্নি আউটডোরস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫ ২০:৩৭ পিএম

বেপজায় পৌনে তিন কোটি ডলার বিনিয়োগ করছে জার্নি আউটডোরস

চট্টগ্রামের মীরসরাইয়ে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) অর্থনৈতিক অঞ্চলে ৫০তম প্রতিষ্ঠান হিসেবে লিজ চুক্তি করেছে জার্নি আউটডোরস বাংলাদেশ কোম্পানি লিমিটেড। সিঙ্গাপুর ও চীনের মালিকানাধীন প্রতিষ্ঠান জার্নি আউটডোরস বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি উচ্চমানের পোশাক ও আউটডোর পণ্য উৎপাদনকারী শিল্প স্থাপনের লক্ষ্যে ২ কোটি ৭৫ লাখ ৭ হাজার (২৭.৫৭ মিলিয়ন) ডলার বিনিয়োগ করবে। যেখানে ৩ হাজার ৪৬৭ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) এ উপলক্ষে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং জার্নি আউটডোরস বাংলাদেশ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হ্যান জানজিয়াও বেপজা কমপ্লেক্স, ঢাকায় চুক্তি স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল এ সময় উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটি বছরে ১ কোটি ৬০ লাখ পিস উচ্চমানের পোশাক ও আউটডোর পণ্য উৎপাদন করবে, যার মধ্যে রয়েছেÑ আন্ডারওয়্যার, টি-শার্ট, পোলো শার্ট, শর্টস, বিভিন্ন ধরনের জ্যাকেট (যেমন- ফ্লিস, সফট শেল, ডাউন, কটন, লেদার, ওয়াটার প্রুফ, উইন্ডপ্রুফ, কৃত্রিম চামড়ার জ্যাকেট), আউটওয়্যার পোশাক, লং প্যান্ট, স্কি স্যুট, স্কি প্যান্ট, মাছ ধরার পোশাক, হাইকিং পোশাক, ইয়োগা পোশাক, দৌড়ানোর পোশাক, জিন্স, নিটেড শর্টস, গল্ফ খেলার পোশাক, ক্যাজুয়াল স্কার্ট, ব্যাকপ্যাক, ক্রস-বডি ব্যাগ, তাঁবু, স্লিপিং ব্যাগ, হ্যামক, আউটডোর ক্যানোপি তাঁবু, হ্যাট, গ্লাভস, মোজা, স্কার্ফ।

বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য জার্নি আউটডোরস বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ জানান বেপজার নির্বাহী চেয়ারম্যান। তিনি বিনিয়োগকারীদের বিশ্বমানের সেবা ও সহায়তা প্রদানের পাশাপাশি একটি নিরাপদ ও অনুকূল ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে বেপজার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

জার্নি আউটডোরস বাংলাদেশসহ মোট ৫০টি প্রতিষ্ঠান বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করল যাদের মোট প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ১.১১ বিলিয়ন ডলার। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এএসএম আনোয়ার পারভেজ এবং জার্নি আউটডোরস বাংলাদেশ কোম্পানি লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা