× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোট ফিরছে চট্টগ্রাম চেম্বারে, উচ্ছ্বাসের আড়ালে শঙ্কার মেঘ

হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫ ১০:৫৬ এএম

ভোট ফিরছে চট্টগ্রাম চেম্বারে, উচ্ছ্বাসের আড়ালে শঙ্কার মেঘ

সবশেষ ২০১৩ সালে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) ভোট হয়েছিল। এরপর সব কমিটি এসেছে বিনাপ্রতিদ্বন্দ্বিতায়। এ হিসাবে প্রায় এক যুগ পর আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রামের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিসিসিআইর নির্বাচন। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে ব্যবসায়ী সমাজে উৎসাহ, উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য বিরাজ করছে। সদস্যদের মধ্যে দেখা যাচ্ছে বিশেষ আগ্রহ, উচ্ছ্বাস। তবে শঙ্কাও তৈরি হয়েছে নির্বাচনকে ঘিরে। ট্রেড গ্রুপ ও টাউন অ্যাসোসিয়েশনের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আদালতের রুল নিশি জারিকে কেন্দ্র করে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

দীর্ঘদিন পর সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব বাছাইয়ের এই সুযোগকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের এই সুযোগ গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক চেম্বার গঠনের ভূমিকা রাখবে। নতুন নেতৃত্বের হাত ধরেই পুনরুদ্ধার হবে চেম্বারের হারানো ঐতিহ্য। তাই সুষ্ঠু, সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হোক, আমরা সেটি চাই।

খাতুনগঞ্জের সাব্বির ট্রেডিংয়ের পরিচালক সৈয়দ সাব্বির আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বিগত সময়ে চট্টগ্রাম চেম্বার ছিল একটি পারিবারিক ক্লাব। ভালো ব্যবসায়ীরা চট্টগ্রাম চেম্বার এড়িয়ে চলত। এবার একটি সুযোগ তৈরি হয়েছে ভোট দিয়ে নেতৃত্ব নির্বাচনের। তাই আমরা আশা করছি এবার প্রকৃত ব্যবসায়ীরা নেতৃত্বে উঠে আসবেন। ভালো ব্যবসায়ীরা চট্টগ্রাম চেম্বারে আসুক। ফিরে আসুক চেম্বারের হারানো ঐতিহ্য।

তিনি বলেন, ভোট না হওয়ায় যারা নির্বাচন করতেন তাদের আমাদের কাছে আসতে হয়নি, তাদের জবাবদিহিতাও ছিল না। কিন্তু এখন ভোট হওয়ার কারণে দেশের বড় বড় ব্যবসায়ী যারা নির্বাচন করছেন তারা আমাদের কাছে আসছেন। এখন একটা জবাবদিহিতা তৈরি হচ্ছে।

নির্বাচনে মনোয়নপত্র যাছাইবাছাইয়ের পর চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণাসহ ভোটগ্রহণের আগের যাবতীয় প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে। এখন শুধু ভোটগ্রহণের অপেক্ষা। নির্বাচন পরিচালনা কমিটির তথ্য অনুযায়ী, এবার ২৪টি পরিচালক পদে নির্বাচনে ট্রেড গ্রুপ এবং টাউন অ্যাসোসিয়েশনের তিনটি করে মোট ৬টি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ছয়জন নির্বাচিত হয়েছেন। তবে এই দুই শ্রেণির প্রার্থীকে সুযোগ না দিতে ইতোমধ্যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর বিকল্প বিরোধ নিষ্পত্তি ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছেন চার ব্যবসায়ী। তাদের একজন এরই মধ্যে উচ্চ আদালতে রিট করেছেন। গত বুধবার রিট শুনানির পর ওই দুই শ্রেণি ছাড়া নির্বাচন পরিচালনার জন্য রুল নিশি জারি করেছেন হাইকোর্ট। বাকি ১৮টি পদের মধ্যে অর্ডিনারি গ্রুপের ১২টি পদের বিপরীতে ৩৭ জন এবং অ্যাসোসিয়েট গ্রুপের ৬টি পদে ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে এবার দুটি প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যবসায়ীরা।

এর মধ্যে ইউনাইটেড বিজনেস ফোরামের ব্যানারে সংগঠিত প্যানেলের দলনেতা হিসেবে আছেন সিকম গ্রুপ ও প্রিমিয়ার সিমেন্ট মিলসের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক। এর আগে তিনি চট্টগ্রাম চেম্বার ও দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সাবেক পরিচালক ছিলেন।

অন্য প্যানেলের দলনেতা হিসেবে আছেন ৫ আগস্টের পর গঠিত সচেতন ব্যবসায়ী সমাজের আহ্বায়ক এসএম নুরুল হক। তিনি চট্টগ্রাম চেম্বারের সাবেক সিনিয়র সহসভাপতি, বিজিএমইএ প্রথম সহসভাপতি ছিলেন। একসময় তিনি অগ্রণী ব্যাংকের পরিচালকও ছিলেন।

নির্বাচন সামনে রেখে দুটি প্যানেল ইতোমধ্যে শুরু করেছে প্রচারণা। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে ভোটাররা বলছেন প্যানেল নয়, যারা যোগ্য তাদেরই বেছে নিবেন তারা।

চাক্তাই খাতুনগঞ্জ আড়ৎদার সাধারণ ব্যবাসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, চেম্বারের নির্বাচন নিয়ে এবার ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে। দীর্ঘদিন পর আমরা ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করব। তাই আমরা চাই নির্বাচন সুষ্ঠু, উৎসবমুখর পরিবেশে শেষ হোক। আর নির্বাচনে যারাই জয়লাভ করুক তারা যেন ব্যবসায়ীদের সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে আমরা সেটি চাই।

দুটি প্যানেল থেকে প্রার্থীরা খাতুনগঞ্জের ব্যবসায়ীদের কাছে ভোট চাইতে যাচ্ছেন জানিয়ে তিনি বলেন, ‘খাতুনগঞ্জের ব্যবসায়ীদের গলার কাটা হচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্থাপিত ওজন স্কেল। এই স্কেলের কারণে আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। দুই প্যানের প্রার্থীরা আমাদের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা নির্বাচিত হলে এই ওজন স্কেল সমস্যার সমাধান করবেন। তাই প্রার্থীদের প্রতি আমাদের একটাই দাবি নির্বাচিত হলে তারা যেন এই সমস্যার সমাধান করেন।

একই ধরনের প্রত্যাশার কথা জানিয়েছেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক লায়ন মোহাম্মদ হাকিম আলী। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, নির্বাচন নিয়ে ইতোমধ্যে হাইকোর্ট থেকে একটি রুল নিশি জারি করা হয়েছে। তাই আমাদের প্রত্যাশা হচ্ছে নির্বাচনে যাতে ভোট প্রদানের পরিবেশ বজায় থাকে। আর নির্বাচনে যেই বা যারা জয়ী হয়ে আসুক, তারা যাতে সুন্দরভাবে চেম্বারের কার্যক্রম চালিয়ে যেতে পারে। নির্বাচনে যারা জিতবেন আর যারা হেরে যাবেন সবাই মিলেমিশে যাতে চেম্বারের কার্যক্রম এগিয়ে নিয়ে যায়। আগে যেমন একটি পক্ষের হাতে চেম্বারের নিয়ন্ত্রণ থাকায় অন্য পক্ষ চেম্বার এড়িয়ে চলতেন। নির্বাচনের পর যাতে এটি আর না হয়। চেম্বার যাতে তার আগের ঐতিহ্য ফিরে পায় আমরা সেটি চাই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা