× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাওয়ার তেল নিয়ে ফের তেলেসমাতি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫ ০৮:৩১ এএম

খাওয়ার তেল নিয়ে ফের তেলেসমাতি

ভোজ্য তেলের দাম বাড়ানো নিয়ে আবারও তেলেসমাতি কাণ্ড ঘটল। সরকার বলছে, দাম বাড়ানোর আগে মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হয়। ব্যবসায়ীরা তা নেনুনি। আর ব্যবসায়ীদের দাবি, সরকারের সঙ্গে আলোচনা করেই দাম বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে। দুপক্ষের পরস্পরবিরোধী বক্তব্যে ভোজ্য তেলের দাম নির্ধারণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এদিকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন গতকাল মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে বলেছেন, সরকার ভোজ্য তেলের দাম বাড়ায়নি। 

যোগাযোগ করা হলে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান গতকাল রাতে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, তাদের (ব্যবসায়ীদের) দাম বৃদ্ধির প্রস্তাব কার্যকর হয়নি। আজ বুধবারের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। যদিও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের পক্ষ থেকে দাম বাড়ানোর ঘোষণার প্রভাব ইতোমধ্যেই পড়ে গেছে খুচরা বাজারে। অসাধু ব্যবসায়ীরা লিটারপ্রতি ১০ থেকে ১৫ টাকা বাড়িয়ে দিয়েছে। ফলে বাড়তি দামে তেল কিনতে হচ্ছে ভোক্তাদের। 

সূত্র জানায়, আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের এক বৈঠক অনুষ্ঠিত হবে। এতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, মেঘনা গ্রুপের মোস্তফা কামালসহ মিল মালিকদের সংগঠন ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত থাকবেন। বাণিজ্য সচিব আশা করছেন, এ বৈঠকে ভোজ্য তেলের দাম নিয়ে সৃষ্ট জটিলতার অবসান ঘটবে।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, দাম বাড়ানোর জন্য সরকারকে চাপ দিচ্ছেন ব্যবসায়ীরা। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় দেশীয় বাজারে বাড়ানোর যুক্তি দিয়েছেন ভোজ্য তেল মিল মালিকরা। তারা লিটারে ১০ টাকা বাড়ানোর প্রস্তাব করেন। কিন্তু ট্যারিফ কমিশন হিসাব করে ৬ টাকা ৭৮ পয়সা বাড়ানোর কথা বলেছে। তবে বাণিজ্য মন্ত্রণালয় চাচ্ছে দাম আরও কমাতে। আজকের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। 

উল্লেখ্য, সয়াবিন তেল লিটারপ্রতি ৬ এবং পাম তেলের দাম ১৩ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। গত সোমবার ভোজ্য তেল পরিশোধন ও উৎপাদনকারী কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর ঘোষণার পর পরই খুচরা বাজারে সয়াবিন তেলের দাম বেড়ে যায়। 

নিয়ম অনুযায়ী তেলের দাম বাড়ানো বা কমানোর বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়। তারপরই ব্যবসায়ীদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, দাম নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হলেও ঘোষণার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ব্যবসায়ীরা তড়িঘড়ি করে দাম বাড়ানোর বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠান। 

জানা গেছে, সোমবার বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের সঙ্গে বৈঠক করেন ভোজ্য তেল ব্যবসায়ীরা। সচিব ব্যবসায়ীদের দাম বাড়ানোর প্রস্তাবে সম্মতি দেন। বৈঠকে বাণিজ্য উপদেষ্টা উপস্থিত না থাকায় তার অনুমোদন নেওয়া হয়নি। পরে উপদেষ্টার অনুমোদন না পেলেও ব্যবসায়ীরা তড়িঘড়ি করে দাম বৃদ্ধির বিষয়টি বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানান।

বাণিজ্য মন্ত্রণালয় ও ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, ভোজ্য তেলের দাম বৃদ্ধির বিষয়টি আটকে যেতে পারে বা উপদেষ্টা অনুমোদন দিচ্ছেন নাÑ এমন খবরে ব্যবসায়ীরা দ্রুত নতুন দামের বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠান। যদিও ব্যবসায়ীদের সিদ্ধান্ত ছিল বিজ্ঞপ্তিটি মঙ্গলবার গণমাধ্যমে পাঠানোর। সেভাবেই বাণিজ্য সচিবের সঙ্গে কথা হয়েছিল। 

গত আগস্টে ভোজ্য তেলের দাম নির্ধারণ নিয়ে সরকার ও বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে টানাপড়েন তৈরি হয়েছিল। প্রতি লিটার সয়াবিন তেলে ব্যবসায়ীরা ১০ টাকা দাম বাড়ানোর প্রস্তাব করেছিলেন। তবে বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ীদের ১ টাকা বাড়ানোর অনুমতি দিয়েছিল। এতে ক্ষুব্ধ হয়ে ব্যবসায়ীরা সরকারের নির্দেশনা অনুযায়ী কোনো বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠাননি। সে সময় একাধিক বৈঠকের পর বাণিজ্য মন্ত্রণালয় দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। তখন থেকেই ব্যবসায়ীরা ভোজ্য তেলের দাম পুনর্নির্ধারণের দাবি করে আসছিলেন। তারই ধারাবাহিকতায় সোমবার বাণিজ্য সচিবের সঙ্গে বৈঠক হয়। 

ব্যবসায়ীরা নতুন করে যে দাম ঘোষণা করেছেন তাতে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৯ থেকে বেড়ে ১৯৫, খোলা সয়াবিন তেলের দাম ৩ টাকা বেড়ে ১৭৭ এবং পাম তেলের দাম ১৩ টাকা বেড়ে ১৬৩ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ২৩ টাকা বেড়ে ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সরকার ভোজ্য তেলের দাম বাড়ায়নি : বাণিজ্য উপদেষ্টা 

সরকার ভোজ্য তেলের দাম বাড়ায়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। গতকাল মঙ্গলবার রাজধানীর পূর্বাচলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ব্যবসায়ীদের দাম বাড়ানোর কোনো অধিকার নেই। তিনি সতর্ক করে দিয়ে বলেন, যদি তেলের মূল্য পরিবর্তন ঘটানো হয়, সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সোমবার ব্যবসায়ীরা বিজ্ঞপ্তি দিয়ে মূল্যবৃদ্ধির পর জনমনে বিভ্রান্তি দেখা দেয় যে, সরকার হয়তো নতুনভাবে দাম বাড়িয়েছে। তবে বাণিজ্য উপদেষ্টা স্পষ্ট করেছেন, এ বিষয়ে সরকার কোনো নির্দেশনা দেয়নি।

বাণিজ্য উপদেষ্টা আরও জানিয়েছেন, সরকার এখনও মূল্য নিয়ন্ত্রণের দিকে সতর্ক নজর রাখছে। ব্যবসায়ীরা যাতে স্বেচ্ছামূলকভাবে দাম বৃদ্ধি করতে না পারেন, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা