প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫ ১৭:০১ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৫ ১৭:১২ পিএম
স্থানীয় উন্নয়নের রূপরেখা তৈরির লক্ষ্যে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বেসরকারি উন্নয়ন সংস্থা পার্টিসিপাটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশান নেটওয়ার্কের (প্রান) উদ্যোগে উপজেলার ৮ নম্বর মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাসহ প্রায় ২৮০ জনের সক্রিয় অংশগ্রহণে অধিবেশনটি অনুষ্ঠিত হয়।
মোহাম্মদপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সচিব গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আফসার সায়মা। বিশেষ অতিথি ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
অধিবেশনে গোলাম কিবরিয়া ২০২৪-২৫ অর্থবছরের ৫ কোটি ১ লাখ ৯৬ হাজার ২০০ টাকার বাজেট ও ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত ৫ কোটি ৬৮ লাখ ১২ হাজার ২০০ টাকার বাজেট উন্মোচন করেন। তিনি বলেন, “কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সেচ, রাস্তা মেরামত ও খাল সংস্কারসহ বিভিন্ন উন্নয়ন খাতে সুষম বন্টন নিশ্চিত করতে হবে।”
রাবেয়া আফসার সায়মা বলেন, “রিলিফ সাময়িক সহায়তা হলেও টেকসই উন্নয়ন ভবিষ্যতের জন্য স্থায়ী সুফল বয়ে আনে না। আগামী বাজেটে খাল খনন, কালভার্ট নির্মাণ ও রাস্তা সংস্কারে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।” তিনি সুবর্ণচরের আক্তার মিয়ার হাট, চৌরাস্তা থেকে মেইন রোড, বোরহান মার্কেট ও বেড়িবাঁধ এলাকার রাস্তা সংস্কারের প্রয়োজনীয়তার কথাও জানান।
মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “আমরা চাইবো বাজেট যেন সব এলাকায় সমানভাবে বন্টিত হয়। জলাবদ্ধতা, খাল খনন ও নিরাপদ পানির সংকট সমাধানে পরবর্তী বাজেটে বরাদ্দ প্রয়োজন।”
উপজেলা কৃষক দলের সভাপতি মো. সাহাদাৎ হোসেন বলেন, “মোহাম্মদপুরের ৯ টি খাল অবৈধভাবে দখল হয়ে আছে। এগুলো পুনরুদ্ধার না করলে কৃষি উৎপাদন ব্যাহত হবে। কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে বাজেট প্রস্তুত করতে হবে।”
অধিবেশনে বক্তারা আরও বলেন, ইউনিয়নে মোট ৪৮টি বাজার থাকলেও বাজেট ঘাটতির কারণে উন্নয়ন কর্মকাণ্ডে সীমাবদ্ধতা রয়ে গেছে। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ যেমন- বন্যা ও ঘূর্ণিঝড় উন্নয়নের গতিকে ব্যাহত করছে। প্রতিবন্ধী, বয়স্ক ও শিক্ষা খাতে ভাতা বরাদ্দ বৃদ্ধি এবং স্থানীয় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করার কথাও জানান বক্তারা।