× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫ ১৭:২৪ পিএম

আপডেট : ১৩ অক্টোবর ২০২৫ ১৭:৪০ পিএম

অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন

২০২৫ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন খ্যাতিমান অর্থনীতিবিদ— জোয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট। উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধির ব্যাখ্যা ও তাত্ত্বিক ভিত্তি তৈরি করায় তাদের এই সম্মাননা দেওয়া হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সুইডেনের রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস বিজয়ীদের নাম ঘোষণা করে। এই পুরস্কারের আনুষ্ঠানিক নাম ‘দ্য স্ভেরিয়েস রিক্সব্যাংক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস ইন মেমোরি অব আলফ্রেড নোবেল’।

নোবেল কমিটি জানিয়েছে, এই তিন অর্থনীতিবিদ আমাদের শিখিয়েছেন— অর্থনৈতিক প্রবৃদ্ধি কোনো স্বয়ংক্রিয় বা নিশ্চয়তাপূর্ণ প্রক্রিয়া নয়। ইতিহাসের বড় একটি সময়জুড়ে স্থবিরতা ছিল স্বাভাবিক অবস্থা। টেকসই প্রবৃদ্ধি অর্জনের জন্য প্রয়োজন উদ্ভাবনের ধারাবাহিকতা এবং সেটিকে উৎসাহিত ও সুরক্ষা দেওয়ার কার্যকর ব্যবস্থা।

জোয়েল মোকিয়র পেয়েছেন পুরস্কারের অর্ধেক। তিনি ইতিহাসনির্ভর বিশ্লেষণের মাধ্যমে দেখিয়েছেন, প্রযুক্তিগত অগ্রগতি কীভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে দীর্ঘমেয়াদি ও টেকসই করেছে।

বাকি অর্ধেক যৌথভাবে পেয়েছেন ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট। ১৯৯২ সালে তারা ‘Creative Destruction’ বা সৃজনশীল বিনাশ তত্ত্বের গাণিতিক মডেল উপস্থাপন করেন। এতে ব্যাখ্যা করা হয়—নতুন ও উন্নত পণ্যের আগমনে পুরোনো পণ্য ও প্রযুক্তির স্থানচ্যুতি ঘটে, যা অর্থনৈতিক অগ্রগতির একটি স্বাভাবিক ও প্রয়োজনীয় প্রক্রিয়া। এই প্রক্রিয়াই অর্থনীতিতে সৃজনশীল বিনাশ নামে পরিচিত। অর্থাৎ পুরোনো ব্যবস্থার ভেতর থেকেই নতুন উদ্ভাবন হয়।

জোয়েল মোকিয়র ১৯৪৬ সালে নেদারল্যান্ডসে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৪ সালে যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সি‌টি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে অর্থনীতির অধ্যাপক হিসেবে কর্মরত।

ফিলিপ আগিয়োঁ ১৯৫৬ সালে ফ্রান্সের প্যারিসে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৭ সালে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি সম্পন্ন করেন। বর্তমানে তিনি লন্ডন স্কুল অব ইকোনমিকস, ইনসিয়াড এবং ফ্রান্সের কলেজ দ্য ফ্রঁস-এ অধ্যাপনায় নিযুক্ত আছেন।

পিটার হাউইট ১৯৪৬ সালে কানাডায় জন্মগ্রহণ করেন। ১৯৭৩ সালে তিনি নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন।

এ বছর পুরস্কারের আর্থিক মূল্য ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা, যা প্রায় ১২ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ। এর অর্ধেক পাবেন জোয়েল মোকিয়র, আর বাকি অর্ধেক ভাগ করে নেবেন আগিয়োঁ ও হাউইট।

প্রসঙ্গত, এই অর্থনৈতিক পুরস্কারটি মূলত নোবেল পুরস্কারের আনুষ্ঠানিক বিভাগ নয়। এটি ১৯৬৯ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক আলফ্রেড নোবেলের স্মরণে চালু করে। সেই থেকে প্রতিবছর এই পুরস্কার দিয়ে আসছে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।

এ পর্যন্ত মোট ৫৭ জন অর্থনীতিবিদ এই পুরস্কার পেয়েছেন। সবচেয়ে বেশি বয়সে এ পুরস্কার পেয়েছেন লিওনিড হারউইচ (৯০ বছর বয়সে, ২০০৭ সালে) এবং সবচেয়ে কম বয়সে পেয়েছেন এস্থার দুফলো (৪৬ বছর বয়সে, ২০১৯ সালে)।

প্রথা অনুযায়ী, প্রতিবছর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী ১০ ডিসেম্বর বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা