প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ১৮:৩৯ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৫ ২১:১৭ পিএম
মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী। ছবি: সংগৃহীত
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, এনবিআর সদস্য বেলাল হোসাইনকে আপিল ট্রাইব্যুনালে বদলি করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (৭ অক্টোবর) দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে মামলা দায়ের করে। সংস্থাটির উপপরিচালক মো. সাইদুজ্জামান দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে বেলাল হোসাইন ৪ কোটি ৯৭ লাখ ৫১ হাজার ৩৯৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। এছাড়া তিনি তার দাখিল করা সম্পদ বিবরণীতে ৪ কোটি ৬০ লাখ ১৯ হাজার ৭১৩ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন এবং ‘মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য’ প্রদান করেছেন বলে অভিযোগে বলা হয়েছে।
দুদক জানায়, তিনি অবৈধ উপায়ে এসব সম্পদ অর্জন করলেও তা গোপন করে সরকারি চাকরির শৃঙ্খলা ও আচরণবিধি লঙ্ঘন করেছেন।