× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কৃষি ব্যাংক

স্বল্পসুদে ঋণ, আমানতে জোয়ার, রেমিট্যান্সে চমক

আহমেদ ফেরদাউস খান

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫ ১০:৫১ এএম

আপডেট : ০৭ অক্টোবর ২০২৫ ১০:৫২ এএম

স্বল্পসুদে ঋণ, আমানতে জোয়ার, রেমিট্যান্সে চমক

বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার লক্ষ্যে ফসল ও শস্য উৎপাদনে ঋণ বিতরণ ও আদায়ে নতুন রেকর্ড গড়েছে। ব্যাংক খাতের প্রচলিত ১৫-২০ শতাংশ উচ্চসুদের বিপরীতে মাত্র ৪-৫ শতাংশ স্বল্পসুদে ঋণ প্রদান করে প্রায় পৌনে লাখ কৃষককে স্বস্তি দিয়েছে বিকেবি।

অন্যদিকে, দেশের বেশিরভাগ ব্যাংকে আমানত সংগ্রহে ভাটা পড়লেও বাংলাদেশ কৃষি ব্যাংকে উল্টো দেখা গেছে জোয়ার। শুধু ২০২৪-২৫ অর্থবছরেই ব্যাংকটির ১ হাজার ৩৮টি শাখা ও উপশাখার মাধ্যমে নতুন সঞ্চয় বেড়েছে প্রায় ৫ হাজার কোটি টাকা।খাত-সংশ্লিষ্টরা জানান, অতীতের সব রেকর্ড ভেঙে রেমিট্যান্স সংগ্রহেও সরকার পরিচালিত বিশেষায়িত এই ব্যাংকটি চমক দেখিয়েছে।

বিকেবির প্রতিবেদন অনুযায়ী, সরকারি নীতির অংশ হিসেবে স্বল্পসুদে ঋণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১৮ সেপ্টেম্বর পর্যন্ত কৃষি খাতে ঋণ বিতরণ হয়েছে ১ হাজার ৭৫৬ কোটি টাকা।

গত ২০২৪-২৫ অর্থবছরে ১ লাখ ৭৮ হাজার ৩৮৬ জন নতুন কৃষককে দেওয়া হয়েছে ৩ হাজার ১১৬ কোটি টাকার ঋণ-সুবিধা। সেই বছর মোট কৃষিঋণ বিতরণ ছিল ৯ হাজার ৫৬ কোটি টাকা, যা ২০২৩-২৪ অর্থবছরের ৮ হাজার ৮৯৫ কোটি টাকার তুলনায় বেশি।

এ ছাড়া ২০২৪-২৫ অর্থবছরে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে ঋণ বিতরণ দাঁড়িয়েছে ৫ হাজার ৫৩৫ কোটি টাকায়, যা আগের অর্থবছরের ৪ হাজার ৪৩৩ কোটি টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১৮ সেপ্টেম্বর পর্যন্ত এ খাতে বিতরণ হয়েছে ৮৯৫ দশমিক ৪২ কোটি টাকা।

এ বিষয়ে কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম বলেন, ‘বন্যা-খরায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সস্তা ঋণ দরকার। বাংলাদেশ কৃষি ব্যাংক এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারের কৃষিনীতি বাস্তবায়নে নিরলস চেষ্টা করে যাচ্ছে। অন্যান্য ব্যাংকগুলোর কৃষিঋণে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। তা না হলে খাদ্য উৎপাদন কমবে। পণ্যের সরবরাহ সংকুচিত হবে। মূল্যস্ফীতির চাপ সাধারণ মানুষের জীবনে আরও চেপে বসবে।’ 

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৫-২৬ অর্থবছরের জন্য কৃষি ও পল্লী খাতে ৩৯ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এটি আগের বছরের তুলনায় ২ দশমিক ৬৩ শতাংশ বেশি। কেননা আগের ২০২৪-২৫ অর্থবছরে এই ঋণের লক্ষ্য ছিল ৩৮ হাজার কোটি টাকা। এ বছর রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর জন্য বরাদ্দ করা হয়েছে ১৩ হাজার ৮৮০ কোটি টাকা। এর মধ্যে শুধু কৃষি ব্যাংকেই বরাদ্দ দেওয়া হয়েছে ৭ হাজার ৮০০ কোটি টাকা। 

বাংলাদেশ কৃষি ব্যাংকের তথ্য অনুযায়ী, ব্যাংকটির বড় সাফল্য হলো রেমিট্যান্স সংগ্রহ। চলতি বছরের আগস্ট পর্যন্ত কৃষি ব্যাংক ১৯৭ কোটি ৬২ লাখ ডলার রেমিট্যান্স সংগ্রহ করেছে। যা বাংলাদেশি মুদ্রায় (১২২ টাকা ধরে) প্রায় ২৫ হাজার ৩২৪ কোটি টাকা। সেই হিসাবে কৃষি ব্যাংক প্রবাসী আয় সংগ্রহে তৃতীয়। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, গত সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ মিলিয়ন রেমিট্যান্স এসেছে। তার মধ্যে ৬৯ কোটি ৮৫ লাখ ডলার নিয়ে প্রথম অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক। আর ২৫ কোটি ৮২ লাখ ডলার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। ১৭ কোটি ৯ লাখ ডলার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে জনতা ব্যাংক। 

কৃষি ব্যাংকের তথ্যমতে, করোনা মহামারির কারণে কৃষিতে চলতি মূলধন সরবরাহের জন্য এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে ৫ হাজার কোটি টাকার ‘কৃষি খাতে বিশেষ প্রণোদনামূলক পুনঃঅর্থায়ন স্কিম’ গঠন করা হয়। এই স্কিমের আওতায় কৃষি ব্যাংক প্রকৃত চাষি ও খামারিদের মধ্যে গ্রাহক পর্যায়ে শস্য ও ফসল খাতে ৪ শতাংশ সুদে কৃষিঋণ প্রদান করে। সর্বমোট ছয়টি প্রণোদনা স্কিমের আওতায় ৪ থেকে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে কৃষি ব্যাংক গত অর্থবছরে এক লাখ ৭৫ হাজার ১১২ জন কৃষককে ৩ হাজার ৫৪ দশমিক ৯০ কোটি টাকার ঋণ-সুবিধা দেওয়া হয়েছে। এ ছাড়া নারী উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ বাংক কর্তৃক গঠিত ‘স্মল এন্টারপ্রাইজ খাতে পুনঃঅর্থায়ন স্কিম’ তহবিলের মাধ্যমে গত অর্থবছরে ৪ হাজার ৯৭৮ জন নারী উদ্যোক্তাকে ৫ শতাংশ সুদ হারে ২৩৫ দশমিক ৬২ কোটি অর্থায়ন করা করেছে বিকেবি। 

এ ছাড়াও কৃষি ব্যাংক পরিবেশবান্ধব উৎপাদন ও সাশ্রয়ী সবুজ গৃহায়নের জন্য কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব উৎস থেকে গঠিত ৪০০ কোটি টাকা পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় গ্রাহক পর্যায়ে মাত্র ৫ শতাংশ সুদে গত অর্থবছরে ২৫৪ জন নতুন উদ্যোক্তাকে ১০ কোটি টাকা ঋণ-সুবিধা দিয়েছে। তবে সরকারের অগ্রাধিকার ভিত্তিক খাত কৃষি খাতে সোলার ইরিগেশনের ক্ষেত্রে সুদ হার হচ্ছে মাত্র ৩ শতাংশ। 

বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী বলেন, ‘রেমিট্যান্স সংগ্রহে কৃষি ব্যাংকের বর্তমান অবস্থান আটটি সরকারি ব্যাংকের মধ্যে প্রথম এবং সব ব্যাংকের মধ্যে দ্বিতীয়। মূলত অনলাইনে দ্রুত ও ডিজিটাল সেবা প্রদান করায় প্রবাসী আয় বৃদ্ধির একটি বড় কারণ। এ ছাড়া বিকেবি দীর্ঘদিনের পরীক্ষিত, শতভাগ নিরাপদ ও আস্থশীল হওয়ায় রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠানোর ক্ষেত্রে বিকেবির দিকেই ঝুঁকছে প্রবাসীরা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা