পঞ্চগড় প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪২ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৪ পিএম
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা দিয়ে টানা ৯ দিন আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। পূজা উপলক্ষে সাপ্তাহিক ছুটির দিনসহ ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে আগামী ৪ অক্টোবর (শনিবার) পর্যন্ত বন্ধ থাকবে বন্দরের আমদানি ও রপ্তানি কার্যক্রম।
তবে বন্দর দিয়ে ইমিগ্রেশন পথে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত প্রতিদিনই চালু থাকবে। আগামী ৫ অক্টোবর (রবিবার) থেকে যথারীতি বন্দরে আমদানি ও রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হবে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ইনচার্জ ও ম্যানেজার আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফুলবাড়ি এক্সপোর্টার এন্ড ইম্পোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ফুলবাড়ি ২ বর্ডার লোকাল ট্রাক অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ফুলবাড়ী সি.এন.এফ অ্যাসোসিয়েশন ও ফুলবাড়ী ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের যৌথ সভায় আসন্ন শ্রীশ্রী দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৭ সেপ্টেম্বর (শনিবার) থেকে ৪ অক্টোবর (শনিবার) ৮ দিন বন্দরের আমদানী-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয় । তবে ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) বন্দরের সাপ্তাহিক ছুটি হওয়ায় সব মিলিয়ে টানা ৯ দিন বন্দরে কোনো আমদানি ও রপ্তানি হবে না। বন্ধ শেষে ৫ অক্টোবর (রবিবার) থেকে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হবে।
বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনের ইনচার্জ কেফায়েতুল্লাহ ওয়ারেস বলেন, দুর্গাপূজা উপলক্ষে স্থলবন্দরের আমদানি রপ্তানি বন্ধ থাকলেও বন্দর দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীগণ ভারত নেপাল ও ভুটানের যাতায়াত করতে পারবেন। দুর্গাপূজার ছুটিতে বন্দর ঘিরে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।