প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৭ পিএম
বাংলাদেশ অটোমোবাইল প্রফেশনালস অ্যাসোসিয়েশনস (বাপা) সারা দেশের বিভাগীয় শহরে আনন্দঘন পরিবেশে তাদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত কেন্দ্রীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মাহমুদ আমিন, প্রেসিডেন্ট রিয়াজ আহমেদ, ভাইস প্রেসিডেন্ট মেজবাহউদ্দিন আতিক, ভাইস প্রেসিডেন্ট সরোয়ার জাহান শামীম, জেনারেল সেক্রেটারি মো. মারুফ হোসেন, অর্গানাইজিং সেক্রেটারি মো. গিয়াসউদ্দিন আহমেদ প্রিন্স প্রমুখ।
প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি দেশের অটোমোবাইল খাতের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংশ্লিষ্টদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গত পাঁচ বছরে বাপা বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা, বৃক্ষরোপণ, দুর্যোগকালীন সহায়তা এবং নেটওয়ার্কিং কার্যক্রম আয়োজনের মাধ্যমে অটোমোবাইল পেশাজীবীদের জন্য জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তুলেছে।
বাপার সভাপতি বলেন, আমাদের লক্ষ্য হলো অটোমোবাইল খাতকে আরও আধুনিক ও টেকসই পথে এগিয়ে নেওয়া, যেখানে পেশাজীবীদের দক্ষতা ও অবদান সর্বাধিক গুরুত্ব পাবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাইলফলক উপলক্ষে বাপা ভবিষ্যতে আরও কর্মপরিকল্পনা হাতে নেয়ার ঘোষণা দিয়েছে, যার মধ্যে রয়েছে গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ।