× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাড়ির বাজারের ৫ শতাংশও ধরতে পারেনি প্রগতি

হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৫ এএম

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪০ পিএম

গাড়ির বাজারের ৫ শতাংশও ধরতে পারেনি প্রগতি

গাড়ি বিক্রিতে আগের ধারায় ফিরতে পারেনি প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ২০১৮-১৯ অর্থবছরের পর থেকে বছরে এক হাজার গাড়ি বিক্রির মাইলফলক একবারও ছুঁতে পারেনি রাষ্ট্রায়ত্ত গাড়ি সংযোজনকারী এ প্রতিষ্ঠান। যদিও এর আগের বছরগুলোয় প্রতিষ্ঠানটির দেড় থেকে দুই হাজার গাড়ি বিক্রির রেকর্ড রয়েছে। বিক্রি কমে যাওয়ায় গাড়ির বাজারে প্রগতি ইন্ডাস্ট্রিজের অবস্থান প্রায় তলানিতে এসে ঠেকেছে। গত ৫ বছরে কখনোই ৩ শতাংশের বেশি বাজার ধরতে পারেনি প্রগতি। বিআরটিএর গাড়ি রেজিস্ট্রেশন তালিকার তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে মাত্র ২ দশমিক ৪৫ শতাংশ বাজার ধরতে সক্ষম হয় প্রতিষ্ঠানটি। 

গাড়ি ব্যবসায়ীদের অভিযোগ, প্রগতি ইন্ডাস্ট্রিজের কর্মকর্তাদের অবহেলার কারণেই প্রতিষ্ঠানটি বাজার ধরতে ব্যর্থ হচ্ছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে সরকার থেকে নানা সহযোগিতা পাওয়ার পরও দিন দিন পিছিয়ে পড়ছে প্রতিষ্ঠানটি। 

প্রগতি ইন্ডাস্ট্রিজের কর্মকর্তারা বলছেন, করোনা মহামারি-পরবর্তী সময়ে সরকারের কৃচ্ছ্রতাসাধন নীতির কারণে প্রতিষ্ঠানটির গাড়ি বিক্রি কমেছে। তবে তারা এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। গাড়ি বিক্রি বাড়াতে ইতোমধ্যে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছেন। এর মধ্যে গত অর্থবছরের শেষদিকে সেডান কার অ্যাসেম্বলিং শুরু করে প্রতিষ্ঠানটি। 

প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড জিপ, পিকআপ, বাস, অ্যাম্বুলেন্স অ্যাসেম্বলিং করে বাজারজাত করে। দেশে কী পরিমাণ এসব গাড়ি বেচাকেনা হয় তার সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই। তবে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) যানবাহন নিবন্ধন তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, দেশে যে-ই পরিমাণ জিপ, পিকআপ, বাস ও অ্যাম্বুলেন্স বেচাকেনা হয়। তার ৩ শতাংশও ধরতে পারছে না প্রগতি ইন্ডাস্ট্রিজ।

বিআরটিএর তথ্য অনুযায়ী, ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত সময়ে বাংলাদেশে জিপ, পিকআপ, বাস অ্যাম্বুলেন্স নিবন্ধিত হয়েছে ৬৬ হাজার ৬২৯টি। অন্যদিকে একই সময়ে ২০২২ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত- এই চার অর্থবছরে প্রগতি ইন্ডাস্ট্রিজ জিপ, পিকআপ, বাস এবং অ্যাম্বুলেন্স বিক্রি করেছে মাত্র ১ হাজার ৭০৭টি। এই হিসেবে গড়ে গাড়ির বাজারের মাত্র ২ দশমিক ৫৬ শতাংশ ধরতে পেরেছে প্রতিষ্ঠানটি। 

বিআরটিএ বলছে, ২০২২ সালে দেশে জিপ, পিকআপ, বাস এবং অ্যাম্বুলেন্স রেজিস্ট্রেশন নিয়েছে ২৩ হাজার ৩২৪টি। এর মধ্যে ১০ হাজার ২৪০টি জিপ এবং ৯ হাজার ৮০৪ পিকআপ নিবন্ধন নেয়। অথচ ওই বছর অর্থাৎ ২০২১-২২ অর্থবছরে প্রগতি ইন্ডাস্ট্রিজ গাড়ি বিক্রি করতে পেরেছে ৭২০টি। পরের বছর এই সংখ্যাটা আরও কমে যায়। ২০২২-২৩ অর্থবছরে প্রতিষ্ঠানটি গাড়ি বিক্রি করে মাত্র ১৭৭টি। অথচ ওই বছর অর্থাৎ ২০২৩ সালে বিআরটিএতে জিপ, পিকআপ, বাস এবং অ্যাম্বুলেন্স রেজিস্ট্রেশন নিয়েছে ১৬ হাজার ৯৬৪টি। এর মধ্যে জিপ ৭ হাজার ৭৬৫টি এবং পিকআপ ছিল ৬ হাজার ৬৬৪টি। এই হিসেবে ওই বছর প্রগতি মাত্র ১ দশমিক শূন্য ৪ শতাংশ বাজার ধরতে পেরেছে। মাঝখানে ২০২৩-২৪ অর্থবছরে গাড়ি বিক্রি কিছুটা বাড়লেও গত অর্থবছরে আবারও কমেছে। 

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে প্রগতি ইন্ডাস্ট্রিজ গাড়ি বিক্রি করেছে ২৭০টি। ইন্ডাস্ট্রিজের বার্ষিক ক্রয় পরিকল্পনার তালিকা অনুযায়ী, চলতি অর্থবছরে প্রতিষ্ঠানটি ৮৫০টি গাড়ি উৎপাদন করার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩৫০টি হলো মিৎসুবিশি ব্র্যান্ডের পাজেরো স্পোর্টস কার, ৩৫০টি ডাবল কেবিন পিকআপ, ৪০টি সেডান কার, ২০টি বাস এবং ৯০টি অ্যাম্বুলেন্স, মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের গাড়ি। 

বিআরটিএর তথ্য অনুযায়ী ২০২৪ সালে জিপ, পিকআপ, বাস এবং অ্যাম্বুলেন্স রেজিস্ট্রেশন নিয়েছে ২৩ হাজার ৩২৪টি। যেখানে প্রগতির হিস্যা ছিল ৫৪৩টি। অন্যদিকে জুলাই পর্যন্ত ২০২৫ সালের এই সাত মাসে জিপ, পিকআপ, বাস এবং অ্যাম্বুলেন্স রেজিস্ট্রেশন নিয়েছে ১০ হাজার ৬১১টি। যেখানে প্রগতি ২০২৪-২৫ অর্থবছরে বিক্রি করেছে মাত্র ২৭০টি; যা গাড়ির বাাজারের মাত্র ২ দশমিক ৪৫ শতাংশ। 

জানতে চাইলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম আজাদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমি যখন দায়িত্ব নিয়েছিলাম তখন সরকারের কৃচ্ছ্রতাসাধন নীতির কারণে প্রগতি ইন্ডাস্ট্রিজ লোকসানের মুখে পড়ে। আমরা এখন সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছি। ২০২৩-২৪ অর্থবছরে ৭২ কোটি টাকা লাভ করেছি। গত ২০২৪-২৫ অর্থবছর গাড়ি বিক্রি কিছুটা কমে যাওয়ার কারণে লাভ কম হলেও এখনও লাভের ধারায় আছি। আমরা লাভ করেছি ৪৫ কোটি টাকা।’ 

তিনি বলেন, ‘ধারাবাহিকভাবেই আমরা লাভে আছি। গত অর্থবছরের শেষদিকে আমরা সেডান কার অ্যাসেম্বলিং শুরু করেছিলাম। এই কার নিয়ে ক্রেতাদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। যারা কিনছেন ভালো রিভিউ দিচ্ছেন। তাই আশা করছি, চলতি অর্থবছর আরও ভালো সময় পার করব। চলতি বছর আমাদের গাড়ি বিক্রি আরও অনেক বাড়বে।’

তিনি আরও বলেন, ৩ শতাংশও ধরতে পারছি না- এটা বললে ভুল হবে। আমরা বিক্রি করি ডাবল কেবিন পিকআপ, পাজেরো স্পোর্ট, এসইউভি জিপ- এ রকম তিন-চার ধরনের গাড়ি। আমরা যেসব সেগমেন্ট নিয়ে কাজ করি। সেখানে বছরে ৩ থেকে ৪ হাজার ব্র্যান্ড নিউ গাড়ি বিক্রি হয়। এই হিসেবে গাড়ি বিক্রিতে আমাদের হিস্যা ২০ থেকে ২৫ শতাংশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা