প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫ ২২:০৬ পিএম
রাষ্ট্রীয় চুক্তির আওতায় চার দেশ থেকে দেড় লাখ মেট্রিক টনের বেশি সার আমদানি এবং স্পট মার্কেট থেকে এলএনজি কেনাসহ আটটি প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এসব প্রস্তাবে মোট ব্যয় ধরা হয়েছে দুই হাজার ১২৮ কোটি টাকা।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ দেশের বাইরে থাকায় ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত থাকেন।
বৈঠক সূত্রে জানা গেছে, বিএডিসির পক্ষে রাষ্ট্রীয় চুক্তির আওতায় চার দেশের প্রতিষ্ঠান থেকে এক লাখ ৪৫ হাজার মেট্রিক টন সার কেনার চারটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে এক হাজার ১৪৯ কোটি ৩১ লাখ টাকা। এর মধ্যে সৌদি আরবের মা’এডেন থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার কিনতে ৩৮৯ কোটি ৮৬ লাখ টাকা, রাশিয়ার প্রোডিনটর্গ থেকে ৩৫ হাজার মেট্রিক টন এমওপি সার কিনতে ১৫৪ কোটি ৯০ লাখ টাকা, মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার কিনতে ২১৫ কোটি ২৮ লাখ টাকা এবং চীনের বনায়ন ইন্টারন্যাশনাল ট্রেডিং থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার কিনতে ৩৮৯ কোটি ২৫ লাখ টাকা খরচ হবে।
এর বাইরে কাতারের কাফকো থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার প্রস্তাব অনুমোদন পেয়েছে, এতে ব্যয় হবে ১৭৪ কোটি ৩৩ লাখ টাকা। সংযুক্ত আরব আমিরাতের সান ইন্টারন্যাশনাল এফজেডই থেকে ২০ হাজার মেট্রিক টন ফসফরিক এসিড কেনা হবে ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের জন্য, এতে খরচ হবে ১৯১ কোটি ৪৪ লাখ টাকা।
বৈঠকে আগামী নভেম্বর মাসের জন্য স্পট মার্কেট থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড কার্গোটি সরবরাহ করবে। প্রতি এমএমবিটিইউ ১১ দশমিক ৫৪৯ ডলার দরে এতে খরচ হবে ৪৮৫ কোটি ২৫ লাখ টাকা।
এ ছাড়া ২০২৬ শিক্ষাবর্ষের ইবতেদায়ি স্তরের (১ম-৫ম শ্রেণি) বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের প্রস্তাবও অনুমোদন পেয়েছে। মোট ৪৮টি দরপত্রের বিপরীতে দুই কোটি ৯৪ লাখ ৬৮ হাজার ৩৬৭টি বই ছাপা ও সরবরাহ করা হবে। এতে ব্যয় হবে ১২৭ কোটি ৬৬ লাখ টাকা।