প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪৫ পিএম
ফাইল ফটো
ভোক্তাপর্যায়ে আবারও এলপি গ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ২৭৩ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) নতুন এ মূল্য ঘোষণা করে বিইআরসি, যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।
একই সঙ্গে ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দামও কমানো হয়েছে। নতুন দামে প্রতি লিটার অটোগ্যাস ১৩ পয়সা কমে ৫৮ টাকা ১৫ পয়সা হয়েছে।
এর আগে, আগস্ট মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই ঘোষণায় অটোগ্যাসের দামও ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে প্রতি লিটার ৫৮ টাকা ২৮ পয়সা করা হয়।
নতুন সমন্বয়ের ফলে সেপ্টেম্বর মাসে ভোক্তারা সামান্য হলেও স্বস্তি পাবেন।