ব্যাংক খাত
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১৫ পিএম
ছবি: সংগৃহীত
চলতি আগস্ট মাসে দেশে ২৪২ কোটি ২০ লাখ ডলারের (২ দশমিক ৪২ বিলিয়ন ডলার) রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে। স্থানীয় মুদ্রায় প্রায় ২৯ হাজার ৫৪৮ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। গত বছর একই সময় প্রবাসী আয় এসেছিল ২২২ কোটি ৪০ লাখ ডলার, যা থেকে এবার বেড়েছে ৮ দশমিক ৯ শতাংশ। সোমবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরেক হোসেন খান জানান, আগস্ট মাসের পুরো সময়ে ২৪২ কোটি ২০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে, যা গত বছরের (২০২৪ সালের আগস্টে মাসের পুরো সময়ে) একই সময়ের চেয়ে ১৯ কোটি ৮০ লাখ ডলার বেশি। গত বছরের একই সময়ে রেমিট্যান্স আসার পরিমাণ ছিল ২২২ কোটি ৪০ লাখ ডলার।
আর চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই ও আগস্টে) মোট ৪৯০ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে, যা গত ২০২৪-২৫ অর্থবছরে এসেছিল ৪১৩ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে গত অর্থবছরে একই সময়ের চেয়ে ৭৬ কোটি ২০ ডলার বেশি এসেছে, যা প্রবৃদ্ধি হয়েছে ১৮ দশমিক ৪ শতাংশ।
এর আগে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলারের রেমিট্যান্স, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি। তবে মাসটিতে ৮ ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।
এর আগে ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল, যা ছিল বছরের রেকর্ড পরিমাণ। আর পুরো অর্থবছর (২০২৪-২৫) জুড়ে প্রবাসী আয় এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।
খাত বিশ্লেষকরা বলছেন, সরকার ঘোষিত প্রণোদনা ও প্রবাসী আয়ের পথ সহজ করায় রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে।
২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার। ২০২৪-২৫ অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহে দেখা যায়, জুলাই : ১৯১.৩৭ কোটি ডলার, আগস্ট : ২২২.১৩ কোটি, সেপ্টেম্বর : ২৪০.৪১ কোটি, অক্টোবর : ২৩৯.৫০ কোটি, নভেম্বর : ২২০ কোটি, ডিসেম্বর : ২৬৪ কোটি, জানুয়ারি : ২১৯ কোটি, ফেব্রুয়ারি : ২৫৩ কোটি, মার্চ : ৩২৯ কোটি, এপ্রিল : ২৭৫ কোটি, মে : ২৯৭ কোটি এবং জুন : ২৮২ কোটি ডলারের রেমিট্যান্স।