একীভূতকরণ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫ ২১:৩৫ পিএম
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর অসুস্থ থাকায় এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে নির্ধারিত সভা হয়নি। ব্যাংক একীভূত করার প্রক্রিয়ার অংশ হিসেবে পাঁচ ব্যাংকের সঙ্গে বসবে বাংলাদেশ ব্যাংক।
রবিবার (৩১ আগস্ট) প্রথমদিন এক্সিম ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সভা হওয়ার কথা ছিল। এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালকরা এদিন কেন্দ্রীয় ব্যাংকে এলেও গভর্নর না আসায় সভা হয়নি।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, স্যার (গভর্নর) অসুস্থ থাকায় অফিসে আসবেন না বলে আমি জানি।
পাঁচ ব্যাংক একীভূত করে একটি ইসলামী ব্যাংক গঠন করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই লক্ষ্যে ব্যাংকগুলোর বোর্ডের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন গভর্নর। ব্যাংকগুলোর পক্ষ থেকে তাদের আর্থিক অবস্থার চিত্র সভায় উপস্থাপন করার কথা রয়েছে। পাঁচ ব্যাংকের চেয়ারম্যান, পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকরা সভায় উপস্থিত থাকবেন।
এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন বলেন, গভর্নর স্যার অসুস্থ, তাই তিনি আজকে বাংলাদেশ ব্যাংকে আসেননি। আজকে মিটিং হয়নি। গভর্নর যখন সুস্থ হবেন, তখন আমাদেরকে জানাতে বলা হয়েছে। আমরা গভর্নর স্যারের সঙ্গে তখন সভা করতে আসব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই বছর সময় পেলে এক্সিম ঘুরে দাঁড়াবে। এরই মধ্যে কুঋণ ও খেলাপি ঋণ কমাতে কাজ শুরু করা হয়েছে।
ফলে অর্থ বিভাগেও নিজেদের যুক্তি তুলে ধরেছে ব্যাংকটি। তবে গভর্নর অসুস্থ থাকায় আবারও বৈঠকের সময় নেবার কথা জানিয়েছেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান। শরিয়াহ্ভিত্তিক ৫ ব্যাংক মার্জারে শেষবারের মতো শুনানি শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। টানা ৫ দিন ব্যাংকগুলোর বক্তব্য শেষে একীভূত করার পরবর্তী প্রক্রিয়া শুরু করবে কেন্দ্রীয় ব্যাংক।
আগামী চার দিনে শুনানির প্রক্রিয়ায় রয়েছেÑ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক। শুনানিতে ব্যাংকগুলোর মূলধন, তারল্য সহায়তা, খেলাপি ঋণ, নগদ সংরক্ষণ অনুপাত ও প্রভিশন ঘাটতির সর্বশেষ অবস্থা জানাতে চেয়েছে বাংলাদেশ ব্যাংক।
সভার সূচি অনুযায়ী, গভর্নরের সঙ্গে আজ সোমবার বৈঠক হবে সোশ্যাল ইসলামী ব্যাংকের, পরদিন হবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সঙ্গে বৈঠক। এরপর বুধবার ইউনিয়ন ব্যাংকের সঙ্গে এবং বৃহস্পতিবার গ্লোবাল ইসলামী ব্যাংকের সঙ্গে আলোচনা করবেন বাংলাদেশ ব্যাংকপ্রধান। কেন্দ্রীয় ব্যাংকের সভায় যোগ দেওয়ার আগে ব্যাংকগুলোকে পর্ষদ সভা করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এদিকে শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকই পুঁজিবাজারে তালিকাভুক্ত; উদ্বিগ্ন বিনিয়োগকারীরা শেয়ার ছেড়ে দেওয়ার প্রতিযোগিতা নামায় দর কমছেই।