প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫ ২২:১৩ পিএম
বিদেশ ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য আন্তর্জাতিক যোগাযোগকে আরও সহজ ও সুবিধাজনক করতে সম্পূর্ণ নতুন আন্তর্জাতিক রোমিং প্যাকেজ চালু করেছে ডিজিটাল অপারেটর বাংলালিংক। বাংলালিংকের এ রোমিং প্যাকেজ এখন বাংলাদেশি মুদ্রায় কিনতে পারবেন গ্রাহক। ৫০টি দেশে এ সুবিধা উপভোগ করা যাবে। একই সাথে ভ্রমণের সময় নিজেদের প্রয়োজন ও পছন্দের প্যাকেজ থেকে নির্বাচন করে ‘মাইবিএল’ অ্যাপ থেকে সহজেই রোমিং প্যাক অ্যাক্টিভেট করতে পারবেন গ্রাহক।
সম্প্রতি রাজধানীতে বাংলালিংকের প্রধান কার্যালয় ‘টাইগার্স ডেন’-এ এই সেবার উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থাটির প্রধান নির্বাহী ইওহান বুসে, চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান এবং এর মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদী আল আমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আর মাইবিএল অ্যাপে গিয়ে ঝামেলাহীনভাবে সহজে রোমিং সুবিধা চালু করা যাবে। পাশাপাশি হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে (০১৯৫০১১১১১১) যোগাযোগ করে গ্রাহক রোমিং সেবা চালু করতে পারবেন। দেশের বাইরে থেকেও তারা উপভোগ করবেন নিরবচ্ছিন্ন ভয়েস কল ও ডেটা সেবা।
নতুন এ সেবা নিয়ে বাংলালিংকের মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদী আল আমিন বলেন, ভ্রমণের সময় কানেক্টেড থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সবার পক্ষে আন্তর্জাতিক পেমেন্ট সেবা ব্যবহারের সুযোগ থাকে না। এক্ষেত্রে গ্রাহকদের জন্য আমাদের সেবাকে আরও সহজলভ্য ও ব্যবহারবান্ধব করার লক্ষ্যেই নতুন এ উদ্যোগ চালু করেছি আমরা।