প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২২ ১৮:১৩ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২২ ১৮:৩৫ পিএম
প্রবা ফটো
লেনদেনের খরা কাটিয়ে ধীরে ধীরে গতিশীল হচ্ছে দেশের পুঁজিবাজার। আর এই গতিশীল হওয়ার পেছনে বড় ভূমিকা রাখছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিগুলো। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসইতে লেনদেন হয়েছে ৫৬৮ কোটি ৮৯ লাখ টাকা। এই লেনদেনের মধ্যে ১৩০ কোটি বা ২৬ দশমিক ৮৬ শতাংশই হয়েছে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি। শুধু লেনদেনে নয়, সূচকের বৃদ্ধিতেও বড় ধরনের ভূমিকা রেখেছে এ খাতের কোম্পানির শেয়ার।
সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৭ অবস্থান করছে ৬ হাজার ২৬৬ পয়েন্টে। ডিএসইতে সারা দিনে লেনদেন হয়েছে ৩৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের। অর্থাৎ ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ারের কোনো লেনদেন হয়নি। লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬৫টির।
ডিএসইতে লেনদেনে শীর্ষে অবস্থান করছে সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার। প্রতিষ্ঠানটির ৩৫ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ২৮ কোটি ৫৯ লাখ টাকার। এ ছাড়া শীর্ষ পাঁচে থাকা ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ২৬ কোটি ৫৬ লাখ, ওরিয়ন ইনফিউশনের ২৩ কোটি ৮২ লাখ এবং ওরিয়ন ফার্মার ২১ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইতে দর বাড়ার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশে মনোস্পুল পেপার লিমিটেডের শেয়ার। এ কোম্পানিটির শেয়ারদর ৮ দশমিক ৭৪ শতাংশ বেড়ে অবস্থান করছে ৩১২ টাকায়। দ্বিতীয় স্থানে থাকা জুট স্পিনার্স লিমিটেডের ৮ দশমিক ৭৪ শতাংশ বেড়ে লেনদেন হয় ২৭৩ টাকা ৭০ পয়সায়। এ ছাড়া কোহিনুর কেমিক্যালের ৮ দশমিক ৭৩ শতাংশ, সোনালি আঁশ ইন্ডাস্ট্রিজের ৮ দশমিক ৭৩ শতাংশ এবং পেপার প্রসেসিংয়ের ৮ দশমিক ৭২ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
ডিএসইতে দরপতনের শীর্ষে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের শেয়ার। এ শেয়ারটির দর শূন্য দশমিক ৫৯ শতাংশ কমে সবশেষ ১৬ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়। দ্বিতীয় স্থানে থাকা বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেডের শেয়ারের দাম শূন্য দশমিক ৪৯ শতাংশ কমে লেনদেন হয় ১ হাজার ৭২০ টাকায়। এ ছাড়া দেশ জেনারেল ইনস্যুরেন্সের শেয়ার শূন্য দশমিক ২৯ শতাংশ, ইউনিয়ন ইনস্যুরেন্সের শূন্য দশমিক ২৬ শতাংশ এবং ক্রিস্টাল ইনস্যুরেন্সের শূন্য দশমিক ২৪ শতাংশ দর কমেছে।
এদিকে ডিএসইর এসএমই বোর্ডের মূল্যসূচক বেড়েছে। ডিএসএমই-এক্স ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩০৬ পয়েন্টে। লেনদেন হওয়া ১৩টি কোম্পানির শেয়ারের মধ্যে দর বেড়েছে ৬টির, কমেছে ৬টির এবং অপরিবর্তিত ছিল ১টির। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-সিএসইর মূল্যসূচক বেড়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৪৫৮ পয়েন্টে। লেনদেন হয়েছে ৫ কোটি ৮৮ লাখ টাকার।