প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫ ২১:০৫ পিএম
প্রবা ফটো।
বাংলাদেশে ৪,৫০০-এর বেশি পোশাক কারখানা রয়েছে, যা দেশের রপ্তানি আয়ের ৮০%-এর বেশি অংশ আসে। তবে এই কারখানাগুলি এখনও প্রধানত জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল, যা আন্তর্জাতিক শক্তি বাজারের ওঠানামা এবং উৎপাদন খরচ বৃদ্ধির কারণে ঝুঁকি তৈরি করে।
সোমবার (১৮ আগস্ট) চ্যালেঞ্জ মোকাবিলায় ডেনমার্ক দূতাবাস এবং ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (BAGED) একটি নতুন প্রকল্প শুরু করেছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস খাতে শক্তি ব্যবহারের ধরন বিশ্লেষণ করা, শক্তি দক্ষতা বৃদ্ধি করা এবং নবায়নযোগ্য শক্তি ব্যবহার বৃদ্ধির জন্য কৌশলগত সুপারিশ তৈরি করা।
প্রকল্পের অধীনে ৫০০টি কারখানার শক্তি ব্যবহার প্রোফাইল তৈরি করা হবে এবং খাত ও ফ্যাক্টরি স্তরে শক্তি দক্ষতা ও নবায়নযোগ্য শক্তি ব্যবহার বৃদ্ধির কৌশল নির্ধারণ করা হবে। পাশাপাশি একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হবে, যেখানে খাতের শক্তি ব্যবহার সম্পর্কিত তথ্য ভিজ্যুয়াল আকারে প্রদর্শিত হবে।
ডেনমার্ক দূতাবাসের প্রতিনিধি আলী আশরাফ খান বলেন, আমাদের লক্ষ্য শুধু ঢাকার কারখানাগুলোর তথ্য সংগ্রহ নয়, বরং দেশের প্রতিটি অঞ্চলের কারখানার সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করা।
BAGED-এর গবেষণা পরিচালক অধ্যাপক মুন্সী সুলায়মান জানান, প্রকল্পটির মাধ্যমে প্রমাণভিত্তিক নীতিমালা তৈরি হবে, যা বাংলাদেশের টেক্সটাইল খাতকে টেকসই ও প্রতিযোগিতামূলক করতে সহায়তা করবে।
প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BAGED-এর সহকারী অধ্যাপক ড. রোহিনী কামাল, প্রোগ্রাম কো-অর্ডিনেটর সাদমান ফয়সাল এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা। উদ্যোগটির মাধ্যমে ফ্যাক্টরি মালিক ও নীতিনির্ধারকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে, শক্তি ব্যবহারের দক্ষতা উন্নত হবে এবং বাংলাদেশের পোশাক খাতকে টেকসই ও প্রতিযোগিতামূলক করার পথ সুগম হবে।