প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫ ১১:৩৮ এএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৫ ১১:৩৯ এএম
ফাইল ফটো
চলতি করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে ব্যাপক সাড়া মিলছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যমতে, অনলাইনে আয়কর রিটার্ন কার্যক্রম উদ্বোধনের প্রথম ১০ দিনেই ৯৬ হাজার ৯৪৫ জন করদাতা রিটার্ন জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ৪ আগস্ট ২০২৫-২৬ কর বছরের ই-রিটার্ন কার্যক্রম উদ্বোধন করার পর ১৩ আগস্ট পর্যন্ত এই সংখ্যা দাঁড়ায় প্রায় এক লাখে। গত বছর একই সময়ে অনলাইনে রিটার্ন জমা হয়েছিল মাত্র ২০ হাজার ৫২৩টি, যা এবার দৈনিক গড়ে প্রায় পাঁচ গুণ বেশি।
গত ৩ আগস্ট জারি করা বিশেষ আদেশ অনুযায়ী, সারা দেশের সকল ব্যক্তি করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়। ব্যতিক্রম হিসেবে ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ, শারীরিকভাবে অসমর্থ, বিশেষ চাহিদাসম্পন্ন, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধিদের ছাড় দেওয়া হয়। পরে ১১ আগস্ট বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদেরও এ বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়।
এনবিআর জানিয়েছে, কর পরিশোধে করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিস ব্যবহার করতে পারবেন। পরিশোধের পর তাৎক্ষণিকভাবে স্বয়ংক্রিয়ভাবে রিটার্ন স্বীকৃতি পত্র ও আয়কর সনদ প্রিন্ট করা যাবে।
তবে নিবন্ধনজনিত সমস্যায় অনলাইনে রিটার্ন জমা দিতে না পারলে ৩১ অক্টোবরের মধ্যে উপকর কমিশনারের কাছে যৌক্তিক কারণ দেখিয়ে আবেদন করলে, অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদনে কাগজে রিটার্ন দাখিল করা যাবে।
এনবিআর করদাতাদের সহায়তায় কল সেন্টার (০৯৬৪৩ ৭১ ৭১ ৭১) ও www.etaxnbr.gov.bd পোর্টালের ‘eTax Service’ অপশন চালু রেখেছে। পাশাপাশি, করদাতাদের প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় প্রদর্শন করে সময়মতো রিটার্ন দাখিলের আহ্বান জানিয়েছে সংস্থাটি।